২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ইনিংসের শেষটা ভাল হয়নি বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের শেষটা ভাল হলো না বাংলাদেশের। সোমবার পঞ্চম দিনে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে তারা ইনিংস শেষ করেছে ৩৪৫ রানে। ২৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের আগে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 06:46 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের শেষটা ভাল হলো না বাংলাদেশের। সোমবার পঞ্চম দিনে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে তারা ইনিংস শেষ করেছে ৩৪৫ রানে। ২৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের আগে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬২ রান। অথচ রোববার কি চমৎকার ব্যাটিংই না করেছে বাংলাদেশ দল। তামিমের সেঞ্চুরি, জুনায়েদের ৭৮ মিলিয়ে পাঁচ উইকেটে ৩২১ রান নিয়ে স্বস্তিতেই ছিল টাইগাররা। এত ভাল একটা দিন পার করার পর দারুণ উজ্জীবিত থাকার বদলে হয়েছে উল্টো। যেন এক রাতেই ব্যাটিংয়ের সব কৌশল ভুলে গেছে তারা! সেন্ট ভিনসেন্টের আর্নস ভাল স্টেডিয়ামের আকাশ জুড়ে বাঙালিদের জন্য তাই ঘনায় নৈরাশ্যের কালো মেঘ। পঞ্চম দিন ১৫ ওভার এক বলে পাঁচ উইকেট হারানোর ঘটনা টেস্ট দলের ক্রিকেটারদের চরিত্রের সাথে বড্ড বেমানান দেখায়। এমন নয় যে শেষ পাঁচ জনের সবাই বোলার। এদের মধ্যে সাবিক, রিয়াদ ও মুশফিকুর রহিম প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়েও আহামরি পেস বা টার্ন ছিল না। তারপরও এভাবে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ টেম্পার নিয়ে অপ্রিয় প্রশ্নটা আরও একবার উঠতেই পারে। আগের দিনের ২১ নিয়ে খেলতে নেমে ৯ রান যোগ করে সামির বলে কারস্টনের হাতে ক্যাচ দেন সাকিব। তার পতনের মধ্য দিয়েই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। শেষ তিন রানে চার উইকেট হারায় অতিথিরা। এদের দু'জনেরই রানের খাতা খোলা হয়নি। প্রথম ইনিংসের সর্বোচ্চ (৩৯) স্কোরার অধিনায়ক মাশরাফি শুন্য। আর সাহাদাত অপরাজিত থাকলেও ভাগ্যে রান জোটেনি। অথচ আগের ইনিংসেই ক্যারিয়ার সর্বোচ্চ ৩৩ রান করে দেখান সাহাদাত। মাহমুদুল্লাহ করেন ৮ আর শেষ উইকেটে সামির বলে এলবিডব্লিউ হওয়ার আগে পেসার রুবেল হোসেনের ব্যাট থেকে যোগ হয় ১ রান। কেবল মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যা একটু রান করেছেন। রচির বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৩৭ রান আসে তার ব্যাটে। পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসের লাগাম টেনে ধরতে সামির অবদান সবচেয়ে বেশি। তার বল খেলতেই সবচেয়ে বেগ পেতে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের। আরেক ওপেনার রচিও কম ভোগাননি। প্রথম ইনিংসে টেইল এন্ডাররা রান করেছেন, দ্বিতীয় ইনিংসে টপঅর্ডার ব্যাটসম্যানরা। কাকতালীয় হলেও ঘটনার ধরণে মনে হতেই পারে একে অন্যের ঋণ শোধ করতেই এমনটা করেছে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৫৮ ও ৩৪৫ (দ্বিতীয় ইনিংস-তামিম ইকবাল ১২৪, জুনায়েদ সিদ্দিকী ৭৮, মুশফিকুর রহিম ৩৭, সাকিব ৩০, সামি ৭০/৫, রচি ৬৭/৩) ওয়েস্ট ইন্ডিজ ৩০৭ ও (দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/০০৫৫ঘ.