২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির জায়গায় নাজমুল

ইনজুরি আক্রান্ত অধিনায়ক মাশরাফির বিকল্প হিসেবে পেসার নাজমুল হোসেনকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বেন নাজমুল। পর দিন (মঙ্গলবার) গ্রেনাডায় দলের সাথে যোগ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনজুরি আক্রান্ত অধিনায়ক মাশরাফির বিকল্প হিসেবে পেসার নাজমুল হোসেনকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বেন নাজমুল। পর দিন (মঙ্গলবার) গ্রেনাডায় দলের সাথে যোগ দেবেন তিনি। স্ক্যানে যদি অধিনায়ক মাশরাফির পায়ে সমস্যা ধরা পড়ে তাহলে ১৭ জুলাই দ্বিতীয় টেস্টে খেলতে পারেন নাজমুল। পায়ে সমস্যা নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন মাশরাফি। ২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাজমুলের। একবারই টেস্ট খেলার সুযোগ হয় তার। একই বছর (২০০৪ সাল) ওয়ানডে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এজবাস্টনে। দেশের পক্ষে এ পর্যন্ত ২৪টি ওয়ানডে খেলেছেন নাজমুল হোসেন। এদিকে, মাশরাফির পায়ে ঠিক কি ধরণের সমস্যা হয়েছে এখনো জানা যায়নি। শনিবার প্রথম টেস্টের তৃতীয় দিনে বল করার সময় ডান হাঁটুতে চোট পান বাংলাদেশ অধিনায়ক। এরপর দুই দিন পার হলেও সেন্ট ভিনসেন্টে অতো উন্নত চিকিৎসার সুবিধা না থাকায় স্ক্যান করা সম্ভব হয়নি। আপাতত দলের ফিজিও'র তত্ত্বাবধানে আছেন মাশরাফি। বিসিবি জানিয়েছে প্রথম টেস্ট শেষ হলেই মঙ্গলবার গ্রেনাডা গিয়ে মাশরাফির হাঁটু স্ক্যান করা হবে। এর আগে বেশ কয়েকবার সমস্যা হলেও দু'একদিনের মধ্যেই সেরে উঠে বোলিং করতে দেখা গেছে মাশরাফিকে। তার ধারণা এবার লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে দলের ফিজিও মাইকেল হেনরী বলছেন অন্য কথা। তার অনুমান হাঁটু ঘুরে যাওয়ায় লিগামেন্টে টান পড়েছে। ছেঁড়ার সম্ভাবনা কম। আসলেই কি হয়েছে একদিন পরেই জানা যাবে তা। সত্যিই ইনজুরি হলে মাশরাফির জায়গায় দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। হাঁটুর সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছেন মাশরাফি। তিন বার অপারেশনের পর স্থায়ীভাবে তার ডান হাঁটুতে স্ক্রু লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা। বল করার সময় ডান পায়ে বেশি চাপ পড়লেই সমস্যায় ভোগেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২২৩ঘ.