২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধুঁকছে বাংলাদেশ

এটি ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ নয়, বরং বলা চলে তাদের 'সি' টিম। তারপরও ধুঁকছে বাংলাদেশ। দ্বিতীয় দিন লাঞ্চের আগে প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রান করেছে ১২১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 04:30 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এটি ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ নয়, বরং বলা চলে তাদের 'সি' টিম। তারপরও ধুঁকছে বাংলাদেশ। দ্বিতীয় দিন লাঞ্চের আগে প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রান করেছে ১২১। তবে বৃষ্টির কারণে লাঞ্চের পর আর খেলা শুরু হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড হয়তো বুঝতে পেরেছিল বাংলাদেশের বিপক্ষে তাদের তিন নম্বর দলটিও যথেষ্ট শক্তিশালী। তাই যথাসময়ে খেলা আয়োজনে পিছিয়ে যায়নি। বিদ্রোহী ক্রিস গেইলরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত উইন্ডিজ ক্রিকেট বোর্ড আনাচে-কানাচে থেকে খুঁজে বের করে ১৫ ক্রিকেটার। তাদের গায়ে হয় সাবেক টেস্ট ক্রিকেটার, নয়তো ভবিষ্যত টেস্ট খেলোয়াড়ের তকমা রয়েছে। দলটিকে দেখে বিস্ময়ও প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের হয়তো আরেকবার বিস্ময় প্রকাশ করতে হবে। হায়, এ কোন বাংলাদেশকে দেখছেন তারা। প্রথমদিন বৃষ্টির দখলে থাকায় ১৮ ওভার ৫ বল খেলে বিনা উইকেটে ৪২ রান করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিন সকালের সেশনেই হোঁচট খায় মাশরাফির দল। মাত্র ৩ রান যোগ হতেই টিনো বেস্টের ওভারের শেষ বলে ড্রাইভ করতে গিয়ে থার্ড স্লিপে রিফারের হাতে ধরা পড়েন তামিম। রান করেন ১৪। এরপরই সামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল কায়েস (৩৩ রান)। জুনায়েদ আর রাকিবুলের জুটি বড় ইনিংস খেলার আশা জাগিয়ে তুলেও বিমুখ করেন তারা। ৩০ রান যোগ হতেই জুটি ভেঙে যায়। বার্নার্ডের বলে ড্রাইভ করতে গিয়ে রাকিবুল ক্যাচ তোলেন। গালিতে দাঁড়িয়ে থাকা সামি নিচু হয়ে যাওয়া বলটি তালুবন্দি করেন সহজেই। রাকিবুল রান করেন ১৪। আগের দিনের বৃষ্টির কারণে পিচে ময়েশ্চার জমে থাকায় আর্নস ভালের উইকেটে উইন্ডিজ সিমাররা ভয়ংকর হয়ে ওঠেন। বাউন্সার দিয়ে নাকাল করেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। গতির সঙ্গে সুইং সামাল দিতে না পেরে আউট হন আশরাফুল ও সাকিব। ২৭ রান করে জুনায়েদ ফেরেন আশরাফুলের আগেই। আশরাফুল ৬ এবং সাকিবের ব্যাট থেকে আসে ১৭। তবে সাকিবের আউটটা দুর্ভাগ্যই বলতে হবে। রচের বল ছেড়ে দিতে গেলে বলটি তার গ্লাভস ছুয়ে পৌঁছে যায় উইকেট রক্ষকের হাতে। এমন অবস্থায় বাংলাদেশ প্রর্থনা করতে পারে একটানা ও অঝোড় ধারায় বৃষ্টি। এটিই এখন ভরসা বাংলাদেশের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০৩০ ঘ.