ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ব্যাটসম্যানদের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে তিন দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ দল।
ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ রানে অল আউট হওয়ার পর তৃতীয় দিন প্রথম সেশনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দারুণ শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বেছে বেছে শট খেলে এ জুটি টেনে নেন ১২৩ রান পর্যন্ত। তাদের দৃঢ়তায়ই ম্যাচ বাঁচানোর পথ খুজে পায় বাংলাদেশ।
৪৩তম ওভারে স্লিপে ক্যাচ তোলার আগে ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৪৪ রান। জুনায়েদ সিদ্দিকি আগের মতই আছেন। ব্যাট হাতে ২ রানে ফিরেছেন। নেতৃত্ব হারানোর পর ব্যাটসম্যান আশরাফুলও মাঠে ভুল করেই যাচ্ছেন। মনে হচ্ছে, প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাসটা বাড়াতে পারলেন না এই লিটল জিনিয়াস।
তামিম তখনও টিকে থাকায় রকিবুল এসে দলের সংগ্রহ বাড়ান অনায়াসে। ৭২ রান নিয়ে আউট হন তামিম। টেস্টের মেজাজে বুঝেই একাধারে শট খেলেননি মারকুটে তামিম। ৭২ রান সংগ্রহ করতে তাই বল খেলেছেন ১৫৩টি।
মিডল অর্ডার ব্যাটসম্যানরাও রান পান দ্বিতীয় ইনিংসে। রকিবুল ৪৯* আর সাকিব ৩৩ রান করায় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৩৩ রান। তার চেয়েও বড় অর্জন, টানা ৮১ ওভার ব্যাট করার পরও বাংলাদেশের হাতে ছিল পাঁচ উইকেট।
প্রথম ইনিংসে ১৯২ রানে অল-আউট হয়েছিল বাংলাদেশ। স্বাগতিক দল ৫৩ রানে এগিয়েছিল প্রথম ইনিংসে। এন্টিগার তরুণ ব্যাটসম্যান টমাসের ব্যাট থেকে আসে ১০৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯২ ও ২৩৩/৫ (তামিম ৭২, রকিবুল* ৪৯, ইমরুল কায়েস ৪৪, সাকিব ৩৩ অস্টিন ৬৪/৪) ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল: ২৪৮/১০ (থমসন ১০৫, সাহাদাত ৫৪/৩, সাকিব ৭২/৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/১৯০৭ঘ.
bdnews24