২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বোলিংয়ে কুপোকাত শ্রীলংকা

পাকিস্তানের বোলারদের আঁচ টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেই টের পেয়েছিল শ্রীলংকা। তাই বলে দেশের মাটিতে এমন নাকাল হওয়া! গলের মাঠে নিজেদের পাতা ফাঁদে লংকান ব্যাটসম্যানরাই হলেন কুপোকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 06:14 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পাকিস্তানের বোলারদের আঁচ টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেই টের পেয়েছিল শ্রীলংকা। তাই বলে দেশের মাটিতে এমন নাকাল হওয়া! গলের মাঠে নিজেদের পাতা ফাঁদে লংকান ব্যাটসম্যানরাই হলেন কুপোকাত। দুই নাইট ওয়াচম্যান রঙ্গনা হেরাথ ও মালিঙ্গা ওয়ার্নপুরা তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে ১ ওভারও টিকতে পারেননি। ওভারের শেষ বলে ওমর গুল ফেরালেন ওয়ার্নাপুরাকে। বোলার গুল উইকেট নেবেন এটা মানা যায়। কিন্তু ইউনুস খান? তিনিও উইকেট শিকারি। লাঞ্চের পর ওমর গুল যখন ছন্দ হারিয়ে একের পর এক নো বল করছিলেন, ঠিক তখনই রঙ্গনা হেরাথকে (১৫) এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন ইউনুস। ব্রেক পায় পাকিস্তান। এরপর আমেরের হাতে বল তুলে দেন অধিনায়ক। স্যুইংয়ের বৈচিত্রে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের তটস্থ করে তোলেন আমের। বলের মুভমেন্ট দিয়ে টানা তিন উইকেট তুলে নেন। ১১ ওভার বল করে ২ মেডেন সহ ৩৮ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। পারানাভিতানা (৪৯), জয়াবর্ধনে (০) ও সাঙ্গাকারা (১৪) যখন বিদায় নেন তখন শ্রীলংকার স্কোর ছিল ৫ উইকেটে ১০১ রান। এরপর পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে সামারাভিরা (৩৪) আর দিলশান (২২) বড় ইনিংস গড়ার চেষ্টা করলে আবারো ইউনুস ভেল্কিতে উইকেট হারায় শ্রীলংকা। সঙ্গে সাঈদ আজমল উইকেটের নেশায় মেতে উঠলে ২১৭ রানে অল-আউট হয় শ্রীলংকা। লেজের উইকেটগুলো গেছে তারই দখলে। ১২ ওভার ২ বলে ৩৪ রান খরচ করে আজমল ঝুলিতে পুরেছেন তিনটি উইকেট। ১৬৮ রানের টার্গেট ছোট মনে হলেও গলের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তা নেহায়েত কম নয়। এর আগে এই মাঠে মাত্র দু'বারই ১৬৮ এর বেশি রান হয়েছে চতুর্থ ইনিংসে। পাকিস্তান টার্গেট পুরণ করতে পারলে রেকর্ড হবে। পিচের চরিত্র পাকিস্তানের অনুকুলে থাকায় চতুর্থ ইনিংসের শুরুটা মন্দ হয়নি। তৃতীয় দিনের খেলা শেষ করার আগে খুররম মাঞ্জুর (১৫) ও ইউনুস খানকে (০৩) হারিয়ে ৭১ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের দরকার আর মাত্র ৯৭ রান। প্রকৃতি বিমুখ না হলে প্রথম টেস্ট জিতে নেওয়া পাকিস্তানের জন্য এখন সময়ের ব্যাপার। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা: ২৯২ ও ২১৭ (দ্বিতীয় ইনিংস-পারানাভিতানা ৪৯, সামারাভিরা ৩৪, আমের ৩৮/৩, আজমল ৩৪/৩, ইউনুস খান ২৭/২) পাকিস্তান: ৩৪২ ও ৭১/২ ( দ্বিতীয় ইনিংস- খুররম মাঞ্জুর ১৫, সালমান বাট ২৮*) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.