ঢাকা, জুলাই ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ১৩ জনের দলে জায়গা করে নিতে পারেননি ফাস্ট বোলার স্টিভ হার্মিসন। বুধবার ওয়েলসের কার্ডিফে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।
প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়নের হয়ে ৬ উইকেট ঝুলিতে পুরলেও স্টিভকে দলের জন্য অপরিহার্য মনে করেননি ইংলিশ নির্বাচকরা। ওয়ারউইকশায়ারে ১১ জনের যে ইংল্যান্ড দলটি খেলেছিল সেই দলই বেছে নেওয়া হয়েছে বুধবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য। দলে আরও জায়গা করে নিয়েছেন ইয়ান বেল এবং গ্রাহাম ওনিয়ন্স।
স্পিনার হিসাবে দলে রাখা হয়েছে মন্টি পানেসার এবং গ্রায়েম শনকে। বাদ পড়েছেন আদিল রশিদ। হাঁটুর ইনজুরি সারিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে দলে ছিলেন না তিনি এ ইনজুরির কারণেই।
তবে অনুশীলন ম্যাচে ভালো করা হার্মিসনের দলভুক্তির ব্যাপার নিয়ে ইংলিশ নির্বাচক জিওফ মিলারও ভাবছেন। তিনি আশ্বাস দিয়েছেন, সামনের টেস্টে না হলেও পরের টেস্টগুলোর জন্য তাকে বিবেচনা করা যেতেই পারে। মিলার বলেন," এটা একটা লম্বা সিরিজ। আমাদেরকে পাঁচ পাঁচটি টেস্ট খেলতে হবে সব ধরনের কন্ডিশনেই। তাই শক্তি সামর্থ্যরে গভীরতা দরকার।"
তিনি আরও বলেন," আমরা হার্মি এবং আরও দুয়েকজনের ব্যাপারে আলোচনা করেছি। আমরা দারুণ একটি অবস্থানে আছি, যেখান থেকে দুয়েক মিনিটের নোটিসে আমরা দলে নিতে পারি।"
ইংল্যান্ড স্কোয়াড: এন্ড্রু ট্রস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, রবি বোপারা, কেভিন পিটারসেন, পল কলিংউড, ম্যাট প্রায়োর, এন্ড্রু ফ্লিনটফ, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম শন, জিমি এন্ডারসন, মন্টি পানেসার, ইয়ান বেল গ্রাহাম ওনিয়ন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/১৯৩১ঘ.
bdnews24