২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে শেষ ওভারে জেতালেন ধোনি

শুক্রবার বৃষ্টিবিঘ্নিত তিন নম্বর ওয়ানডেতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩৪ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে ৬ উইকেটের জয় কেড়ে নেয় ভারত। এ জয়ের ফলে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গেল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শুক্রবার বৃষ্টিবিঘ্নিত তিন নম্বর ওয়ানডেতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩৪ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে ৬ উইকেটের জয় কেড়ে নেয় ভারত। এ জয়ের ফলে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গেল তারা। ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে মীমাংসিত এ ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১১ রানের। জেরোমি টেইলরের ওভারের দ্বিতীয় বলটিকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে দুরূহ কাজটিকে হাতের মুঠোয় নিয়ে আসেন ধোনি। ম্যাচে বৃষ্টি বারকয়েক হানা দেওয়ায় ম্যাচটিকে ক্রমশই কেটে ছেঁটে ছোট করা হয়। টসে জিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালেও ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭ ওভার ব্যাটিং করার সুযোগ পায়। অধিনায়ক ক্রিস গেইলের ১৪ বলে ২৭ রানের দুরন্ত ইনিংস উড়ন্ত সূচনা এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু আশিষ নেহরার বলে কট বিহাইন্ডের ফাঁদে পড়ে গেইল প্যাভিলিয়নে ফেরেন। এরপর ক্রিজে মর্টনের (২২) সঙ্গে জুটি বাঁধেন রামনরেশ সারওয়ান। মূলত সারওয়ানের ৫৯ বলে ৬২ রানের একটি দারুণ ইনিংসই ক্যারিবীয়দের ১৮৬ রানের মজবুত সংগ্রহ গড়ে দেয়। কিন্তু ম্যাচে বৃষ্টি আবার নতুন করে বাগড়া দিলে ভারতের জন্য নতুন টার্গেট দাঁড় হয় ২২ ওভারে ১৫৯ রানের। ওপেনার দীনেশ কার্তিক (৪৭) এবং গৌতম গম্ভীর (৪৪) ১৩ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে স্কোর বোর্ডে ১ উইকেটে ৮৪ রান তুলে দিয়ে মজবুত ভিত গড়ে দেয় সফরকারীদের জন্য। কিন্তু কার্তিকের রানআউট, সুলিমানের স্পিনে গম্ভীরের কট বিহাইন্ড আর ডেঞ্জার ম্যান যুবরাজ সিংয়ের মাত্র ২ রানে দ্রুত প্যাভিলিয়নে ফেরায় স্বাগতিকরা বেশ ভালোভাবেই খেলায় ফিরেছিল। শেষ ১২ বলে ভারতের তখন প্রয়োজন ছিল ১৬ রানের। কিন্তু ডোয়াইন ব্রাভোর মাপা বোলিংয়ে এক ওভারে পাঁচ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা। উপরন্তু রোহিত শর্মা উইকেট খুঁইয়ে বসে তারা। শেষ ওভারে গেইল ১১ রান চেক দিতে রবি রামপালের বদলে বেছে নেন জেরোমি টেইলরকে। কিন্তু গেইলের এই জুয়া খেলা ধোপে টিকেনি। ইউসুফ পাঠান প্রথম বল ঝুঁকিপূর্ণ এক সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন অধিনায়ক ধোনিকে। দুরন্ত এক ছক্কা মেরে চার বলে চার রানের টার্গেট দাঁড় করান ধোনি। যা কোনও ঝামেলা ছাড়াই পার হয় ভারত। রোববার সেন্ট লুসিয়ার একই ভেন্যুতে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুুদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম