২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ভাস, বললেন ডি মেল

শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্থ ডি মেল বলেছেন, লঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাস টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্থ ডি মেল বলেছেন, লঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাস টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এর আগে ভাস জানিয়েছিলেন, তার ২০১১ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে। কিন্তু যদি সত্যি সত্যিই তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান, তবে ১৫ বছরের এক ঝলমলে ক্যারিয়ারের অবসান ঘটছে ভাসের। ডি মেল এএফপিকে বলেন," চামিন্দা আমাকে বলেছে সে আর টেস্ট খেলতে চায় না। তবে সীমিত ওভারের ক্রিকেট সে চালিয়ে যাবে।" ভাস অবশ্য এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। পাকিস্তানের বিপক্ষে গলের প্রথম টেস্ট শুরুর আগের দিন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ভাসের পক্ষ নিয়ে বলেছিলেন, ভাসকে এই সিরিজে উপেক্ষা করা হয়েছে। তবে তাকে অন্তত একটি ফর্মের খেলা বাদ দিতে হবে। ঠিক তার একদিন পরই ভাসের অবসরের খবরটি এল। সাঙ্গাকারা বলেন," টোয়েন্টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ভাসের সঙ্গে আমার বেশ ভালো আলাপ আলোচনা হয়েছে। কোনও সন্দেহ নেই তার মান নিয়ে, শ্রীলঙ্কার জন্য সে যা করেছে তাও আমরা জানি। এখনও সে আমাদের দলে দারুণ ভূমিকা পালনের যোগ্যতা রাখে। আমাদের শুধু সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের ক্রিকেটে সে আমাদের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারে।' তিনি আরও বলেন,"সে যদি সত্যিই আরও বেশি ফরম্যাটের ক্রিকেট খেলতে চায় তবে তার ফিটনেস এবং বয়স দিয়ে কীভাবে সেরাটা দিবে সেজন্য সময়টা ভাগ করে নেওয়া উচিত। তবে অবশ্যই তাকে সামনে এগিয়ে যেতে হবে, সামনেই বিশ্বকাপ। বিশ্বকাপে সে আমাদের বড় অংশজুড়েই থাকবে।" ভাস ১১০ টি টেস্ট খেলে ৩৫৪টি উইকেট নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/১৪৫০ ঘ.