লন্ডন, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ক্রিকেটে এমনিতেই আছে দুটি স্তর, টেস্ট খেলুড়ে দেশগুলোর 'অভিজাত' ক্লাব আর এর বাইরের 'সহযোগী সদস্য'দের আলাদা পর্যায়। গত কিছুদিন ধরে টেস্ট ক্রিকেটেও এ রকম আরেকটি বিভাজন দেখতে চাইছেন অনেকেই। সেই দলে এবার যোগ দিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির জেনারেল ম্যানেজার অফ ক্রিকেট অপারেশন্স ডেভ রিচার্ডসনও। টেস্ট খেলুড়ে দলগুলোকে দুটি স্তরে ভাগ করে খেলার আয়োজন করার পরামর্শ দিয়েছেন তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকিনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার রিচার্ডসন বলেছেন, "বিশ্বের সেরা দলগুলো পরস্পরের বিপক্ষে খেলবে, আর তারপরের স্তরের দলগুলো খেলবে নিজেদের মধ্যে দ্বিতীয় বিভাগ বা ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো অন্য কোনো পর্যায়ে- এটাই হবে আদর্শ পরিস্থিতি।"
টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনার স্বার্থেই এমন কিছু করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এটা অবশ্য তার ব্যক্তিগত মত, এ ব্যাপারে প্রাতিষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২৫ ঘ.
bdnews24