নটিংহ্যাম, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টার্গেট ১৩১। টোয়েন্টি-টোয়েন্টির বিচারে সহজই বলতে হবে। কিন্তু বোলারদের কৃতিত্বে সেই সহজ টার্গেট পেয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা ছুঁতে পারেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের তাই বাড়ি ফিরতে হচ্ছে টানা তিনটি হারের তিক্ত স্মৃতি নিয়ে। মঙ্গলবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজ স্টেডিয়ামে সুপার এইট পর্বের শেষ ম্যাচে তাদের ১২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে 'ই' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের। আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তারা লড়বে পাকিস্তানের বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংস ২০ ওভারে ৫ উইকেটে ১৩১ রানে বেঁধে রেখেছিলেন ভারতের স্পিনাররা। কিন্তু জবাব দিতে নেমে ভারতের ব্যাটসম্যানরা তারচেয়েও খারাপ করেছেন, ২০ ওভারে তারা তুলতে পেরেছেন ৮ উইকেটে ১১৮ রান।
দুই ওপেনার রোহিত শর্মা আর গৌতম গম্ভীর যেভাবে শুরু করেছিলেন, তাতে কিন্তু মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে ভারত। ৬ ওভারে ৪৮ রানের জুটি গড়েছিলেন তারা। কিন্তু অফ স্পিনার ইয়োহান বোথার প্রথম ওভারে ডিপ কভারে ক্যাচ দিয়ে গম্ভীরের (১৯ বলে ২১) বিদায়ের পর ওলট-পালট হয়ে গেছে সবকিছু। পরের ওভারেই সুরেশ রায়নাকেও (৩) আউট করেছেন ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট পাওয়া বোথা। গম্ভীরের মতো দায়িত্বহীন শট খেলে আউট হয়েছেন রায়নাও, সুইপ করতে গিয়ে লং অনের আকাশে বল তুলে দিয়েছিলেন তিনি। তাদের পথেই হেঁটে ভারতের ইনিংসের সর্বোচ্চ স্কোরার রোহিতও আউট হয়েছেন আরেক স্পিনার জেপি ডুমিনির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে। ২৮ বলে ২৯ রান করেছেন তিনি, তিনটি বাউন্ডারির সাহায্যে।
এরপর যুবরাজ সিংয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মহেন্দ্র সিং ধোনির () রানআউট, আর রোয়েলফ ফনডার মার্ভকে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ইউসুফ পাঠানের বিদায় চাপের মুখে ফেলে দেয় ভারতকে। সেই চাপ আরো কঠিন করে তোলে ফনডার মার্ভ (৪ ওভারে ১/১৩) আর বোথার মাপা বোলিং। গত বিশ্বকাপে এক ওভারে ছটি ছক্কা মারার রেকর্ড গড়া যুবরাজও যেন তাদের সামনে ভুলে গিয়েছিলেন শট খেলতে। ২৫ বলে একটি ছক্কা আর একটি বাউন্ডারিতে তার ২৫ রানের ইনিংসটা তারপরও আশা জাগিয়ে রেখেছিল, কিন্তু দ্বিতীয় স্পেলে ফিরে ডেল স্টেইন তাকে ফিরিয়ে দেওয়ার পর শেষ হয়ে যায় সেটুকুও।
এর আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করে এবি ডিভিলিয়ার্স ডিভিলিয়ার্স জিতে নিয়েছেন ম্যাচ সেরার সম্মান। ইনিংসের দ্বিতীয় ওভারে, দলীয় ১৩ রানে হার্শেল গিবসকে (৫) হারানোর পর দ্বিতীয় উইকেটে গ্রায়েম স্মিথের (২৬) সঙ্গে ৪৬ আর তৃতীয় উইকেটে জেপি ডুমিনির (১০) সঙ্গে ৩৯ রানের জুটি গড়েছেন তিনি। ডাউন দ্য উইকেটে তুলে মারতে গিয়ে জাদেজাকে ফিরতি ক্যাচ দিয়ে সাতটি বাউন্ডারিতে সাজানো তার ৫১ বলের ইনিংসটা যখন শেষ হয়, তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৮। কিন্তু ৭ উইকেট হাতে নিয়েও বাকি ৫.২ ওভারে মাত্র ৩২ রান তুলতে পেরেছে প্রোটিয়ারা। টোয়েন্টি-টোয়েন্টির সঙ্গে একেবারেই বেমানান দক্ষিণ আফ্রিকার পুরো ইনিংসে ছক্কা ছিল না একটিও।
বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও যুবরাজ সিং আর অফস্পিনার হরভজন সিংয়ের নিখুঁত বোলিং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের শট খেলার স্বাধীনতা দেয়নি মোটেই। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন জাদেজা, একমাত্র উইকেটের পেছনে চার ওভারে হরভজনের খরচ ২০ রান, আর উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন যুবরাজ। একটি করে উইকেট পেয়েছেন নতুন বলের দুই বোলার জহির খান ও আরপি সিং আর সুরেশ রায়নাও।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৩০/৫ (স্মিথ ২৬, গিবস ৫, ডিভিলিয়ার্স ৬৩, ডুমিনি ১০, বাউচার ১১, অ্যালবি মরকেল ৮*, বোথা ৪*; জহির ১/২৬, রায়না ১/৬, জাদেজা ১/৯, হরভজন ১/২০, আরপি সিং ১/২১)
ভারত : ২০ ওভারে ১১৮/৮ (রোহিত ২৯, যুবরাজ ২৫, গম্ভীর ২১, হরভজন ১৪; বোথা ৩/১৬, স্টেইন ২/২৫, ফনডার মার্ভ ১/১৩, ডুমিনি ১/৩)
ফল : দক্ষিণ আফ্রিকা ১২ রানে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০২০০ ঘ.
bdnews24