২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ধোনি

দু বছর আগে তরুণদের নিয়ে দল গড়েও প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছিল ভারত। স্বাভাবিকভাবেই এবার দলের কাছে অনেক প্রত্যাশা ছিল ভারতীয়দের। কিন্তু সেই প্রত্যাশা পূরণে 'টিম ইন্ডিয়া' চরমভাবে ব্যর্থ। রোববার লর্ডসে ইংল্যান্ডের কাছে ৩ রানে হেরে গিয়ে সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় আর সব ভারতীয়র মতো মহেন্দ্র সিং ধোনিও ভীষণ হতাশ, মর্মাহত। হতাশা বুকে চেপেই দেশের মানুষের কাছে দলের বাজে পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন ভারত অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

লন্ডন, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু বছর আগে তরুণদের নিয়ে দল গড়েও প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছিল ভারত। স্বাভাবিকভাবেই এবার দলের কাছে অনেক প্রত্যাশা ছিল ভারতীয়দের। কিন্তু সেই প্রত্যাশা পূরণে 'টিম ইন্ডিয়া' চরমভাবে ব্যর্থ। রোববার লর্ডসে ইংল্যান্ডের কাছে ৩ রানে হেরে গিয়ে সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় আর সব ভারতীয়র মতো মহেন্দ্র সিং ধোনিও ভীষণ হতাশ, মর্মাহত। হতাশা বুকে চেপেই দেশের মানুষের কাছে দলের বাজে পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন ভারত অধিনায়ক। "যা ঘটেছে তার জন্য আমরা ভীষণ দুঃখিত। তবে এ কথা বলতে পারি যে আমরা নিজেদের সেরাটাই ঢেলে দিয়েছি। আমি মনে করি আমাদের দলের খেলোয়াড়রা চাপ মোকাবিলায় সক্ষম। তবে এই দিনটায় কোনো কিছুই আমাদের পক্ষে কাজ করেনি"--- ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এভাবেই দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ধোনি। এবার যা হবার হয়েছে। তাই এবারের দুঃস্মৃতি ভুলে গিয়ে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় তৃতীয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার প্রতিশ্র"তি দিলেন তিনি, "আমরা সেখানে (ওয়েস্ট ইন্ডিজে) অবশ্যই নিজেদের প্রমাণ করবো। এখানে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। কিন্তু ৯ মাস পর আরেকটা বিশ্বকাপ হবে। এবং আমরা এখন বলতে পারি যে সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ব্যাপার।" ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও ভালো খেলতে পারেনি ভারত। সেবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সুপার এইটেই উঠতে পারেনি তারা। ধোনির মতে সেবারের বিপর্যয় এবারের চেয়েও বেশি হতাশাজনক ছিল, "২০০৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপেও আমরা হেরে গিয়েছিলাম। আমার ক্যারিয়ারে সেটাই ছিল সবচেয়ে খারাপ সময়। এই হারটাও হতাশাজনক। তবে আমি এখনো মনে করি না ৫০ ওভারের বিশ্বকাপে পরাজয়ের ধারে-কাছেও আসতে পারে এটা।" একই সঙ্গে এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য পরোক্ষে সমর্থকদের কাছে আবেদনও জানালেন ভারত অধিনায়ক, "যখন আপনি খুব ভালো খেলবেন তখন ক্রিকেট কখনোই আপনার দৃঢ়তার পরীক্ষা নেবে না। পরীক্ষাটা নেবে যখন আপনি ভালো খেলতে পারবেন না। আমার মনে হয় এটা আমাদের মনোবল-পরীক্ষার সময়। তবে এটাই পথের শেষ নয়।" পথের শেষ নয় বলে, ক্ষমা চেয়ে ভক্তদের শান্ত করার চেষ্টা করলেও আপাতত সে চেষ্টায় সফল নন তিনি। সোমবার রাঁচিতে ধোনির বাসার সামনে তার কুশপুত্তলিকা পুড়িয়ে, তার বিরুদ্ধে শ্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ ঠিকই প্রকাশ করেছে ভারতের ক্রিকেটপ্রেমী মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৩ঘ.