২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাভোর কাছে হেরে গেল ভারত

প্রথমে বল হাতে ৩৮ রানে চার উইকেট, তারপর ব্যাট হাতে মাত্র ৩৬ বলে অপরাজিত ৬৬ রান- ডোয়াইন ব্র্যাভোর এই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কল্যাণে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব জয় দিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার লর্ডসে 'ই' গ্র"পের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে অনায়াসে ৭ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

লন্ডন, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে বল হাতে ৩৮ রানে চার উইকেট, তারপর ব্যাট হাতে মাত্র ৩৬ বলে অপরাজিত ৬৬ রান- ডোয়াইন ব্র্যাভোর এই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কল্যাণে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব জয় দিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার লর্ডসে 'ই' গ্র"পের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে অনায়াসে ৭ উইকেটে হারিয়েছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে ভারতের তোলা ৭ উইকেটে ১৫৩ রান ৮ বল হাতে রেখেই টপকে গেছে ক্যারিবিয়ানরা। তৃতীয় উইকেটে লেন্ডল সিমন্সের সঙ্গে ৫৮ আর চতুর্থ উইকেটে শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে ব্র্যাভোই দলকে নিয়ে গেছেন জয়ের পথে, আর জহির খানকে দিয়ে দারুণ একটা ছক্কা মেরে সেই জয়ের আনুষ্ঠিকতাও সেরেছেন তিনিই। সেটা ছিল তার তৃতীয় ছক্কা, এছাড়া চারটি বাউন্ডারিও মেরেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা এই অলরাউন্ডার। ৩৭ বলে ৪৪ রানের ইনিংস খেলার পথে সিমন্স মেরেছেন পাঁচটি বাউন্ডারি। এছাড়া চন্দরপল মাত্র ৯ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৮ আর অধিনায়ক গেইল ২২ রান করেছেন। এর আগে সন্ধ্যায় ভারতকে লড়ার করা পুঁজি এনে দিয়েছিল সদ্য সহ-অধিনায়কত্ব ফিরে পাওয়া যুবরাজ সিংয়ের হাফসেঞ্চুরি। নতুন বল হাতে ফিডেল এডওয়ার্ডসের দারুণ বোলিংয়ে ২৯ রানে তিন উইকেট হারিয়ে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু যুবরাজ নেমেই বদলে দিয়েছেন সবকিছু। দুটি ছক্কা আর ছয়টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৪৩ বলে ৬৭ রানের ইনিংসটা খেলার পথে প্রথমে অধিনায়ক ধোনির (১১) সঙ্গে চতুর্থ উইকেটে ৩৭ আর তারপর পঞ্চম উইকেটে ইউসুফ পাঠানের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে ভারতের ইনিংসটাকে পথে ফিরিয়েছেন তিনিই। এডওয়ার্ডসের বাউন্সারে পুল করতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে না হওয়ায় তারই ফিরতি ক্যাচের শিকার হয়ে শেষ হয়েছে যুবরাজের দর্শক মাতানো ইনিংসটা। আর ইউসুফের ২৩ বলে ৩১ রানের ইনিংসটা শেষ হয়েছে ডোয়াইন ব্র্যাভোর দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়ে। সেটা ছিল ভারতীয় ইনিংসের শেষ ওভার, আর সেই ওভারেই এক বল হাতে ইউসুফের ছোটভাই ইরফানকেও আউট করেছেন ক্যারিবিয়ানদের পক্ষে সফলতম বোলার। শেষ পর্যন্ত ৩৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। এডয়ার্ডস পেয়েছেন ২৪ রানে তিন উইকেট। গ্র"প পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারা ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ক্রিস গেইল ফিরেছেন এই ম্যাচের দলে। আর ভারতীয় দলে কোনো পরিবর্তন নেই। সংক্ষিপ্ত স্কোর ভারত : ২০ ওভারে ১৫৩/৭ (গম্ভীর ১৪, রোহিত ৫, রায়না ৫, ধোনি ১১, যুবরাজ ৬৭, ইউসুফ ৩১, ইরফান ২, হরভজন সিং ১৩*, জহির ০*; ব্র্যাভো ৪/৩৮, এডওয়ার্ডস ৩/২৪) ওয়েস্ট ইন্ডিজ : ১৮.৪ ওভারে ১৫৬/৩ (গেইল ২২, ফ্লেচার ০, সিমন্স ৪৪, ব্র্যাভো ৬৬*, চন্দরপল ১৮*; ইরফান ১/৯, ইউসুফ ১/২৭, ওঝা ১/২৯) ফল : ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/ ০০২১ ঘ.