নটিংহ্যাম, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে প্রথমে তার জায়গাই হয়নি। সুযোগটা এলো ওপেনার জেসি রাইডারের অসুস্থতার কারণে। আর সুযোগ পেয়েই অ্যারন রেডমন্ডের বাজিমাত! বৃহস্পতিবার তার দারুণ এক ফিফটির সুবাদে আয়ারল্যান্ডকে সহজেই ৮৩ রানে হারিয়ে সুপার এইটে শুভসূচনা করেছে নিউজিল্যান্ড।
নটিংহ্যামের ট্রেন্টব্রিজে টস হেরে ব্যাট করতে নামা কিউইদের ৫ উইকেটে ১৯৮ রানের বিশাল সংগ্রহের প্রধান রূপকার রেমন্ড। মাত্র ৩০ বলে ১৩ বাউন্ডারিতে ৬৩ রানের এক ঝড়ো ইনিংস এসেছে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামা এই ডানহাতি ওপেনারের ব্যাট থেকে। ম্যান অব দ্য ম্যাচ রেমন্ডের সঙ্গে মার্টিন গুপটিল (৩২ বলে অপরাজিত ৪৫) ও স্কট স্টাইরিস (২৫ বলে ৪২) জ্বলে ওঠায় দুশ'র কাছাকাছি যেতে পেরেছে কিউইরা।
জবাব দিতে নেমে নাথান ম্যাককালাম আর কাইল মিলসের মারাত্মক বোলিংয়ে ১১৫ রানে অলআউট হয়ে গেছে আইরিশরা। অফস্পিনে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের বড় ভাই। ১২ রানের বিনিময়ে মিলসের শিকার ২ উইকেট। আন্দ্রে বোথা (২৮), গ্যারি উইলসন (২৩) ও অ্যালেক্স কুসাক (২০) ছাড়া আয়ারল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান সুবিধা করে উঠতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৯৮/৫ (রেমন্ড ৬৩, গুপটিল ৪৫*, স্টাইরিস ৪২; ম্যাককালান ২/৩৩, কুসাক ২/৪৩)
আয়ারল্যান্ড : ১৬.৪ ওভারে ১১৫ (বোথা ২৮, উইলসন ২৩, কুসাক ২০; নাথান ম্যাককালাম ৩/১৫, মিলস ২/১২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৮
bdnews24