ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্তান-সম্ভবা বান্ধবী কিমের পাশে থাকতে ইংল্যান্ড থেকেই নিজদেশ অস্ট্রেলিয়ায় চলে গেছেন কোচ জেমি সিডন্স। আর চোখের চিকিৎসার জন্য ইংল্যান্ডে রয়ে গেছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বুধবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ দল দেশে ফেরার পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত প্রশ্নের ঝাপটা সামাল দিতে হল সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। তিনি অবশ্য কোনো অজুহাত দাঁড় না করিয়ে ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন।
সিডন্স আর আশরাফুলের মতো ফেরেননি অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাই প্রশ্নের ঝড় একাই সামলাতে হয়েছে বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলারকে। আয়ারল্যান্ডের মতো টেস্ট না খেলা দলের কাছে হেরে টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাওয়ার ব্যাপারটা অজানা নয় মাশরাফিরও। তবে এই ব্যর্থতার ব্যাখ্যায় তিনি যা বললেন, সেটা আসলে বাংলাদেশ দলের দীর্ঘদিনের সমস্যা। সেটা কী?
কী আর? সেই ব্যাটিং ব্যর্থতা, "আসলে আমাদের ব্যাটিং ঠিকমতো ক্লিক করেনি বলেই দলের এমন হাল হয়েছে। তাছাড়া ইনিংসের শুরুতেই দ্রুত বেশ কয়েকটি উইকেট হারানোয় আমরা চাপে পড়ে যাই। যে কারণে ম্যাচে ফিরে আসা ভীষণ কঠিন হয়ে যায়।" আইরিশদের ছোট দল মনে করে নামার বিলাসিতাও কী তাদের কাছে লজ্জাজনক হারের অন্যতম কারণ? নিজেদের ব্যর্থতা কিছুটা হলেও আড়াল করার একটা ঢাল সামনে পেয়েও তা হাতে নিলেন না আশরাফুলের ডেপুটি। তার ভাষায়, "আয়ারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ ছিল না। মোদ্দা কথা আমরা ভালো খেলতে পারিনি বলেই হেরে গেছি।"
ব্যর্থতা এমন যে তা অন্য অনেক প্রশ্নের উৎসমুখ খুলে দেয়। এখানেও তাই হয়েছে। রকিবুল হাসানকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে। মাশরাফি অবশ্য এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে খেলানোর পক্ষে যুক্তি দিচ্ছেন এরকম, "প্রথম ৬ ওভারে মেরে খেলা, এটাই ছিল কৌশল। অবশ্য এভাবে খেলতে গেলে দ্রুত কিছু উইকেট হারানোর ঝুঁকিও থাকে। ওরকম অবস্থা হলে খেলা ধরে রাখতে পারে, এমন ব্যাটসম্যানও তো দরকার। এই যুক্তিতেই রকিবুলকে খেলানো হয়েছে।"
দলের সঙ্গে ফিরে না আসা বাংলাদেশ কোচ জেমি সিডন্স অভিযোগ করে বলেছিলেন, ক্রিকেটাররা কথা শোনেন না। তাদের কথা শুনতে বাধ্য করার সময় এসেছে। এ প্রসঙ্গ তোলা হলে মাশরাফির কুটনৈতিক জবাব,"আমি জানি না। কোচই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।"
ইংল্যান্ডে অনুষ্ঠানরত টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল 'এ' গ্র"পে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ২৫ রানে এবং শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৪৭ঘ.
bdnews24