২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওদেরকে কথা শুনতে বাধ্য করানোর সময় এসেছে : সিডন্স

বাংলাদেশ সুপার এইটে উঠছেই ধরে নিয়ে ১৭ জুন বিমানের টিকেট বুকিং দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ায় আগেভাগেই দেশে ফিরে আসতে হচ্ছে ক্রিকেটারদের। ১০ জুন সকাল সাড়ে আটটায় প্রায় পুরো দলই ঢাকায় চলে আসছে। 'প্রায়' বলার কারণ ইংল্যান্ডে আরো কিছুদিন রয়ে যাচ্ছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান। আর বাবা হওয়ার অপেক্ষায় থাকা জেমি সিডন্স চলে গেছেন অস্ট্রেলিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ সুপার এইটে উঠছেই ধরে নিয়ে ১৭ জুন বিমানের টিকেট বুকিং দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ায় আগেভাগেই দেশে ফিরে আসতে হচ্ছে ক্রিকেটারদের। ১০ জুন সকাল সাড়ে আটটায় প্রায় পুরো দলই ঢাকায় চলে আসছে। 'প্রায়' বলার কারণ ইংল্যান্ডে আরো কিছুদিন রয়ে যাচ্ছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান। আর বাবা হওয়ার অপেক্ষায় থাকা জেমি সিডন্স চলে গেছেন অস্ট্রেলিয়ায়। চোখের চিকিৎসা করাবেন অধিনায়ক। আর কুঁচকির পুরনো সমস্যার জন্য কয়েকটা ইনজেকশন নেওয়ার জন্য থেকে যাচ্ছেন সাকিব। আয়ারল্যান্ডের কাছে হতাশাজনক হারে তাদের প্রতিক্রিয়া অবশ্য সেদিন সংবাদ সম্মেলনেই জানিয়েছেন আশরাফুল ও সিডন্স। টাইগারক্রিকেট ডটকম-এর সৌজন্যে তা এখানে তুলে ধরা হল। জেমি সিডন্স প্রশ্ন: আয়ারল্যান্ডের কাছে হারের কারণ কী বলে মনে হয়? জেমি সিডন্স: আমি বলবো ব্যাটসম্যানদের বোকার মতো মানসিক ভুলের খেসারত দিয়েছি আমরা। রীতিমতো হাস্যকর ব্যাটিং। এর শুরুটা ব্যাটিং অর্ডারের একেবারে ওপর থেকেই। ওপেনারদের আক্রমণাত্মক হতে হত। কিন্তু এটাও তো তাদের অজানা ছিল না যে আইরিশ বোলাররা ইনিংসের শুরুর দিকে ভালো স্লোয়ারও দেয়। ব্যাটসম্যানদের সেই একই ভুল করতে দেখলাম। তামিম ইকবাল এই সফরে বেশ কয়েকবারই এভাবে রানআউট হল। একই শটে একই জায়গায় সাকিবের ক্যাচ হওয়ার ঘটনা এই সফরে না হলেও পাঁচবার ঘটেছে। এগুলো ওদের মনস্তাত্ত্বিক ভুল। অথচ দক্ষতায় ওরা কারো চেয়ে পেছনে নয়। কিন্তু আমাকে বলতেই হচ্ছে, হতাশা ও রাগের শেষসীমায় পৌঁছে গেছি আমি। একই ভুল কেউ বারবার করতে থাকলে আসলে কিছুই করার থাকে না। আমরা কঠোর অনুশীলন করি এবং এসব ভুল নিয়ে কথাও হয়। মোদ্দা কথা সম্ভব সবকিছুই করা হয়। এমনকি একই ভুল অ্যাশও (আশরাফুল) করেছে। যেভাবে যে জায়গায় ক্যাচ হল, এর আগের ওভারে সেখানেই ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিল। আবারো সেখানে ক্যাচ দিয়ে যেন এটাই বলতে চাইলো, 'নাও, এবার আমায় ধরো।' কমবেশি সবাই একই কাজ করেছে। পাঁচ, ছয়... সাতজন ব্যাটসম্যানই হাস্যকর শট খেলে আউট হয়েছে। প্রশ্ন: বাংলাদেশ কী চাপেই ভেঙ্গে পড়েছিল? জেমি সিডন্স: মাথা ঠান্ডা রাখা খুব দরকার ছিল। এটা এমন কিছু কঠিনও ছিল না । কারণ দলে এখন অনেক সিনিয়র ক্রিকেটার। আমাদের ছেলেরা আবারো চাপে নিজেদের মেলে ধরতে পারলো না। আয়ারল্যান্ড ম্যাচ অতোটা চাপের অবশ্যই ছিল না যে কারণে সঠিক সিদ্ধান্ত নিতে ওদের সমস্যা হবে। মানছি আয়ারল্যান্ড ভালো দল। তাই বলে আমরা যাদের সঙ্গে নিয়মিত খেলি তাদের মতো ভালো নিশ্চয়ই নয়। প্রশ্ন: এখন এই দল নিয়ে আপনার ভাবনা... জেমি সিডন্স: ভাবনা এখন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে। সেখানে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারি কিংবা প্রতিপক্ষকে কীভাবে চাপে ফেলা যায়...এই সব আর কী! দল হিসেবে আমাদের উন্নতিটা সেখানে দেখাতে হবে। টি২০ ক্রিকেট তো আসলে ফান, যেখানে দুই-তিন ওভারেই সবকিছুই শেষ হয়ে যেতে পারে। দুই-তিনটা বাজে শটেই আপনি ম্যাচ হেরে যেতে পারেন। আবার দুই-তিনটা দারুণ শট আপনাকে জিতিয়েও দিতে পারে। এখন আবার আমরা ৫০ ওভারের ক্রিকেট ও টেস্ট ক্রিকেটে ফিরে যাচ্ছি। আজ (আয়ারল্যান্ডের বিপক্ষে) আমরা যেমন খেললাম তার চেয়ে অনেক ভালো খেলতে হবে। প্রশ্ন: পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারা বাংলাদেশের খেলোয়াড়দের অভ্যাসেই পরিণত হয়ে গেছে কিনা। জেমি সিডন্স: টি২০ তে আগে ব্যাট করে জিততে হলে ১৬০ রান করতেই হবে। এটা হচ্ছে পাস মার্ক স্কোর। আসলে আমাদের লক্ষ্য ছিল ১৮০ রানের। সেটা না হলেও যেন ১৬০-র নীচে না হয়, সেরকম একটা পরিকল্পনাও আমাদের ছিল। শুরুটাও আমাদের মন্দ ছিল না। প্রথম ৬ ওভারে চল্লিশের বেশি রান করে আমরা ১৫০-এর দিকেই এগোচ্ছিলাম। কিন্তু ব্যাটসম্যানরা পরিকল্পনাকে বুড়ো আঙ্গুলই দেখালো। এবং আমরা ১৩৭ রানে গিয়ে শেষ করলাম। যে কারো পক্ষেই এই রান তাড়া করে জেতা সম্ভব। আসলে সবকিছুকেই নিজেদের মতো করে দেখার একটা বড় প্রবণতা আমাদের ছেলেদের মধ্যে আছে। এবং তারা কথাও খুব একটা শোনে না। আমার মনে হয়, ওদেরকে কথা শুনতে বাধ্য করানোর সময় এসেছে। এটা অধিনায়ক থেকে শুরু করে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। প্রশ্ন: টি২০ বিশ্বকাপে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের উদ্দেশে আপনার কিছু বলার আছে? জেমি সিডন্স: আমি তাদের কাছে ক্ষমা চাইছি। খেলোয়াড়রাও যদি মনে করে থাকে যে তাদের ভুলেই এই হার, তাহলে আমি চাইবো ওরাও ক্ষমা চাক। তবে আয়ারল্যান্ডকেও কৃতিত্ব দিতে হবে। কোনো সন্দেহই নেই যে এই হার ভীষণ হতাশার। আমাদের অবশ্যই সুপার এইটে যাওয়া উচিত ছিল। আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। খুব ভালো প্রস্তুতি আমরা নিয়েছিলাম। ইংল্যান্ডেও আমরা চলে এসেছিলাম আগেভাগেই। অথচ পুরো সফরে আজকেই সবচেয়ে কম স্কোর করলাম আমরা। মোহাম্মদ আশরাফুল প্রশ্ন: ম্যাচের টার্নিং পয়েন্ট বলবেন কোনটাকে? মোহাম্মদ আশরাফুল: প্রথম ১০ ওভারে পাঁচটি উইকেট হারিয়ে ফেলা। আরেকটি কারণ কোচও বলেছেন, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। আমাদের শট বাছাই ছিল অত্যন্ত নিম্নমানের। প্রশ্ন: এই ম্যাচে দু'দলের পার্থক্য.... মোহাম্মদ আশরাফুল: আজ তিন বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে আয়ারল্যান্ড। বিশেষ করে আমাদের ব্যাটিংটা হয়েছে খুবই বাজে। ওদের চাপে ফেলার মতো রান আমরা করতে পারিনি। ইংল্যান্ডে পৌঁছার পর সবচেয়ে বাজে খেলাটা আমরা এদিনই খেললাম। প্রশ্ন: আয়ারল্যান্ড ম্যাচে বাড়তি চাপ অনুভব করার ফলই কী এতো বাজে পারফরম্যান্স? মোহাম্মদ আশরাফুল: আসলে তা নয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের টপ অর্ডারের সবাই খুব বাজে ক্রিকেট খেলেছে। প্রশ্ন: মাশরাফি বিন মর্তুজা কিংবা নাঈম ইসলামকে ব্যাটিং অর্ডারে আরো আগে পাঠালে হত না? মোহাম্মদ আশরাফুল: এটা আমরাও ভেবেছিলাম। কিন্তু শুরুতেই বেশ কিছু উইকেট হারানোয় আমরা সেই চিন্তা থেকে সরে আসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১১ঘ.