ঢাকা, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ট্রেন্টব্রিজে বাংলাদেশ দল পোর্ট অফ স্পেন সাফল্যের পুনরাবৃত্তি দেখতে চেয়েছিল। সেটা হয়নি, ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতো টোয়েন্টি টোয়েন্টির দ্বিতীয় বিশ্ব আসরের প্রথম ম্যাচেও ভারতকে হারানোর স্বপ্ন থেকে গেছে স্বপ্নই। তবে এই হারকে পেছনে ফেলে এখন সামনেই তাকাচ্ছেন মোহাম্মদ আশরাফুলরা। একই সঙ্গে এটাও নিশ্চিত করতে চাইছেন, বার্বাডোজের ব্যর্থতা যেন এবার ট্রেন্টব্রিজেও ফিরে না আসে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটে যাদের কাছে হেরে সব সাফল্য জলাঞ্জলি যাওয়ার উপক্রম হয়েছিল, সোমবার সেই আয়ারল্যান্ডেরই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যে ম্যাচে হারলে আর সুপার এইটেই ওঠা হবে না!
আশার কথা, স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা) শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তার ঠাঁই মিলছে না। অধিনায়ক আশরাফুল বার্বাডোজ আর এই ম্যাচপূর্ব দলীয় মানসিকতার মৌলিক পার্থক্য বেশ ধরতে পারছেন, "ওই ম্যাচটায় জেতার ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল, হেরে গেলে সব সাফল্যই মাটি হয়ে যাবে। আমাদের চেয়ে নীচের দলের কাছে হারের ভয়ে আমরা নিজেদের ওপর চাপ নিয়ে ফেলেছিলাম। কিন্তু এবার ঘটনা তা নয়। এই সফরে দলের কারো মধ্যেই কোনো ধরনের ভীতি কাজ করতে দেখিনি। আয়ারল্যান্ডের অবশ্য ভালো কয়েকজন খেলোয়াড় আছে। যাদের কাউন্টি খেলার অভিজ্ঞতাও আছে। কিন্তু আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।"
ভারতের বিপক্ষে ম্যাচের ভুল-ত্র"টিগুলোও উঠে এসেছে তার কথায়, "আমাদের কিছু ভুলের কারণে ম্যাচটা ভারতের পক্ষে চলে গেছে। ১৮১ চেজ করা খুবই সম্ভব মনে হয়েছিল আমাদের কাছে। কিন্তু প্রথম ১০ ওভারে বেশ কিছু উইকেট হারিয়েই আমরা বিপদে পড়ে যাই। আমাদের মিডল ও লেট অর্ডারে ভারতের মতো 'পাওয়ার হিটার' নেই। সেজন্যই একটা ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটা পেয়েওছিলাম। কিন্তু আমার আর সাকিবের পর জুনায়েদও আউট হয়ে যাওয়ায় কাজটা কঠিন হয়ে যায়।" দলের বোলিং নিয়ে অবশ্য সন্তোষই ঝরেছে আশরাফুলের কন্ঠে, "ফিল্ডিংটা আমাদের খারাপ হয়নি। আর নাঈম ও রুবেলের একটা করে ওভার বাদ দিলে বোলিংও দারুণই হয়েছে।"
অধিনায়কের সুরে কথা বলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও, "একটা ভালো শুরুর পর প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে একজনের অন্তত দলকে টেনে নিয়ে যাওয়ার দরকার ছিল। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আসলে শূন্য রানে যুবরাজ সিংকে স্টাম্পিং করতে না পারা। এবং ব্যাটিংয়ে আমি ও জুনায়েদের একই ওভারে আউট হয়ে যাওয়া।"
তথ্যসূত্র: টাইগারক্রিকেট ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২১৪ঘ.
bdnews24