ঢাকা, ৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বড় দলকে হারানোর পূর্বাভাস নাকি বাংলাদেশ দলের সদস্যরা আগেভাগেই পেয়ে যান! যেমন পেয়েছিলেন ২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর আগেরদিনও। শনিবার ট্রেন্টব্রিজে টোয়েন্টি-টোয়েন্টির দ্বিতীয় বিশ্ব আসরের প্রথম ম্যাচেও সেই ভারতেরই মুখোমুখি বাংলাদেশ। আর এই ম্যাচের আগেরদিন অর্থাৎ শুক্রবার দলের ভেতর সেই একইরকম আবহ দেখতে পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
যে 'স্পিরিট' দিয়ে 'ভারতবধ' পুনরাবৃত্তির স্বপ্ন দেখাই খুব স্বাভাবিক। এই ম্যাচটা খেলতে নামার আগে বাংলাদেশ অধিনায়কের মনে বারবারই উঁকি দিয়ে গেল ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের স্মৃতি, "খুব পরিষ্কার মনে আছে, সেবার দলের প্রত্যেকেই বিশ্বাস করেছিল ভারতকে হারানো সম্ভব। এবং আমরা সেটা করেও দেখিয়েছিলাম। ম্যাচের আগে এমনকি পোর্ট অফ স্পেনে অনুশীলনের সময়ও ভেতরে ভেতরে যে শক্তি অনুভব করছিলাম, এবারো তাই। আগামীকাল (শনিবার) আমরা আমাদের সেরা খেলাটাই খেলবো। কারণ আমরা জানি, এধরনের ক্রিকেটে যে কেউ যে কাউকে হারাতে পারে।"
২০০৭ বিশ্বকাপের সময় জেমি সিডন্স ছিলেন না। তবে বাংলাদেশ দলের কোচ হিসেবে দেড় বছরেরও বেশি সময় পার করে দেওয়ার পর এদেশের ক্রীড়ামোদী মানুষের অনূভূতি খুব ভালোই বুঝতে পারেন তিনি। তাই একজন ভিনদেশী হয়েও পাঁচ হাজার মাইল বা আট হাজার কিলোমিটার (বাংলাদেশ থেকে ইংল্যান্ডের দূরত্ব) দূরে বসেও বাংলাদেশের মানুষের হৃদয়ে ঠাঁই নেওয়ার আশায় বুঁদ হয়ে আছেন এই অস্ট্রেলিয়ান, "আমাদের সঙ্গে আছে ১৪০-১৫০ মিলিয়ন মানুষের সমর্থন, যারা দেশের বসে প্রতিনিয়ত আমাদের শুভকামনা জানাচ্ছে। আমাদের প্রতিটা হার তাদের ব্যথা দেয়। আবার প্রতিটা জয় তাদের আনন্দে ভাসায়। দেশের মানুষ আমাদের কাছে অনেক বড় কিছু। কাজেই আমরা চাই তাদেরকে সন্তুষ্ট করতে।"
দেশের মানুষের মনোজগতে আনন্দের হিল্লোল বইয়ে দেওয়ার জন্য প্রস্তুতিটাও হওয়া চাই ঘামঝরানো। শুক্রবার সকালে ট্রেন্টব্রিজের উল্টোদিকে লেডি বে'তে তিন ঘন্টা কঠোর অনুশীলনও করেছে টাইগাররা। অনুশীলনশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ এবং অধিনায়ক। আশরাফুল এরপর লন্ডনে গেছেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। সংবাদ সম্মেলনে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের আইপিএলজনিত শক্তি এবং আরো হরেক রকম প্রশ্নে তাদের দু'জনকে ঘাবড়ানোর চেষ্টাও কম হল না। কিন্তু সিডন্সকে টলানো গেল না একটুও। অধিনায়ককে পাশে বসিয়ে তিনি একরকম হুঙ্কারই দিয়ে রাখলেন, "এটা তো মনে হয় সবারই জানা যে, আমরা যেকোনো সময়ই বিপজ্জনক একটা দল। যেকোনো ধরনের খেলাতেই আমাদের দারুণ কয়েকজন ম্যাচ উইনার আছে। এদের একজন আমার পাশেই বসা (আশরাফুল)। হয়তো আমাদের ধারাবাহিকতা সেরকম নয়। তবে এই ম্যাচটা আমরা হারতে চাই না। জিততে চাই আর আমরা আন্ডারডগ বলে নির্ভারও আছি বেশ।"
এই ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত, তাই ৮ জুনের আয়ারল্যান্ড ম্যাচের অপেক্ষায় না থেকে এখানেই শেষ আটের টিকেট কেটে ফেলতে চান সিডন্স, "সুপার এইটে যাওয়ার জন্য আয়ারল্যান্ড ম্যাচের অপেক্ষায় আমরা কিছুতেই থাকতে চাই না। কাল (শনিবার) হেরে গেলে আমাদের সামনে যদিও আরেকটা সুযোগ থাকবে। কিন্তু ভারতের বিপক্ষে হারানোর কিছু নেই বলে আমরা যেমন নির্ভার আছি, আমাদের বিপক্ষে আইরিশরাও সেই অবস্থাতেই থাকবে। কাজেই ওই ম্যাচটা নিয়ে আমরা ভাবতেই চাই না। আমাদের চিন্তা শুধু ভারত ম্যাচ নিয়ে। যে ম্যাচে টস জিতলে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ভালো স্কোর জমা করতে চাই। যাতে ওদের চাপে ফেলা যায়। এটা ঠিকমতো করতে পারলে আমরাই জিতবো। আর জিতলে আয়ারল্যান্ড ম্যাচটা আমাদের জন্য বোনাস প্র্যাকটিস ম্যাচই হবে।"
অর্থাৎ প্রথম ম্যাচটাকে খোদ বাংলাদেশ দলই 'ডু অর ডাই' ম্যাচ বানিয়ে ফেলেছে। এই ম্যাচটা স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত এগারোটা) শুরু হবে। আশরাফুলের কাঁধের এবং সাকিব আল হাসানের কুঁচকির চোট নিয়েও আর চিন্তার কিছু নেই। দু'জনেই ফিট ঘোষিত হয়েছেন। তবে এই ম্যাচের প্রথম একাদশ এখনো সাজেনি। শনিবার সকালের টিম মিটিংয়েই একাদশ চূড়ান্ত করার পরিকল্পনা টাইগারদের।
টাইগারক্রিকেট ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১০৩৯ ঘ.
bdnews24