লন্ডন, ৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটের সব বড় শিরোপাই জেতা হয়েছে, অস্ট্রেলিয়ার কেবল জিততে বাকি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম আসরের ব্যর্থতা দ্বিতীয় আসরেই ঝেড়ে ফেলতে মরিয়া রিকি পন্টিংয়ের দলের প্রস্তুতিটা ভালোই হলো শেষ পর্যন্ত। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারানোর পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে তারা হেসে-খেলেই ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এদিনের অন্য একটি প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে, চার ওভার হাতে রেখে জিতেছে ৯ উইকেটে। জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ডও, প্রতিবেশি স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রস্তুতিটা সেরেছে তারা।
লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রানে আটকে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে অধিনায়ক ক্রিস গেইলের খুনে ব্যাটিংয়ে অনায়াসেই জিতেছে দুঃস্বপ্নের ইংল্যান্ড সফর কাটানো ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৫৬ বলে সাতটি ছক্কা ও ছটি বাউন্ডারির সাহায্যে ৮৮ রান করে অপরাজিত ছিলেন গেইল।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটি মোটেই তেমন একতরফা হয়নি। তাতে টস জিতে ব্যাট করতে নেমে মিচেল জনসন (৪/২০) আর ন্যাথান হরিজের (২/৩৫) দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ড এক বল বাকি থাকতে অলআউট হয়ে যায় ১৪৭ রান তুলে। সর্বোচ্চ ৪৯ রান করেন পিটার ম্যাকগ্লাসান আর স্কট স্টাইরিস করেন ৪২ রান।
অধিনায়ক রিকি পন্টিং আর তার সহকারী মাইকেল ক্লার্কের দারুণ ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই সেই স্কোর টপকে গেছে অস্ট্রেলিয়ানরা। দুটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারিতে ৪০ বলে ৫৬ রান করে আউট হয়েছেন পন্টিং, আর ৩৮ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন ক্লার্ক।
নটিংহ্যামের ট্রেন্টব্রিজে রাতের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ড ২০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ১৩৬ রান। কলিন স্মিথ (৪৫) আর কাইল কোয়েটজারের (৩৪) প্রচেষ্টায় তোলা ওই সংগ্রহ এক ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই টপকে গেলেও সমর্থকদের খুশি করতে পারেনি পিটার কলিংউডের ইংল্যান্ড। রবি বোপারা (৩২), কেভিন পিটারসেন (৩৯ বলে অপরাজিত ৫৩, দুটি ছক্কা, চারটি বাউন্ডারি) আর ইওয়িন মরগ্যানদের (অপরাজিত ২৩) ব্যাটিং প্র্যাকটিসটাই যা পাওনা তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬১২ ঘ.
bdnews24