নটিংহ্যাম, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২০ রানের টার্গেট তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, অতি বড় আশাবাদীও বোধহয় এমনটা ভাবেননি। তবে টার্গেটটা যদি হয় ১৮০-র আশেপাশে, তাহলে যে কোনো বড় দলকেই হারানোর সামর্থ্য রাখেন মোহাম্মদ আশরাফুলরা। সোমবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তেমন একটা বার্তাই দিয়ে রাখলো তার দল। ৭ উইকেটে ১৮১ রান তুলে ৩৮ রানে হারলেও সবাইকে জানিয়ে রাখা গেল, "আমরাও প্রস্তুত।"
এদিন যেমন বিশাল রান তাড়া করতে নেমে শুরুটা হল প্রবল বিধ্বংসী। শুরুতেই ব্র্যাড হ্যাডিনের সহজ ক্যাচ ফেলা তামিম ইকবাল যেন সেই পাপমোচন করার ব্রত নিয়েই নেমেছিলেন। নাথান ব্র্যাকেনের করা ইনিংসের প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি ও এক ছক্কায় স্কোরবোর্ডে তুলে দিলেন ১৮ রান। পরের ওভারে ব্রেট লি'র ওপর তোপ দাগলেন জুনায়েদ সিদ্দিকীও, তিন তিনটি চারে ২ ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৩০।
তৃতীয় ওভারে বোলিংয়ে পরিবর্তন এনে সাফল্য পেলেন রিকি পন্টিং। জুনায়েদকে (৮ বলে ১২) বোল্ড করেন নিয়মিতই ঘন্টায় ৯১ মাইল গতিতে বলে করে যাওয়া মিশেল জনসন। পরের ওভারে আরেকটু উচ্চাভিলাষী হতে চাওয়া তামিমও (৯ বলে ২১) লি'র বলে মিড অফে সহজ ক্যাচ হওয়ার পর আশরাফুল-সাকিব আল হাসানের হালধরা ৫৮ রানের জুটি। তারা দু'জনে মিলে মাত্র ৯ ওভারেই ৯২ রানে পৌছে দেন দলকে।
একটু সাবধানে শুরু করা বাংলাদেশ অধিনায়ক পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার সফলতম বোলার জনসনকে (৪-০-২১-৩) মেরেই হাত খুলতে শুরু করেছিলেন। ওই ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকানো আশরাফুল পরে এই জনসনের বলেই বোল্ড হওয়ার আগে করে যান ২৪ বলে ২৬। সাকিবের সঙ্গী হন ব্যাট হাতে ইংল্যান্ড সফরে ভীষণ ধারাবাহিক মাহমুদুল্লাহ রিয়াদ। রানগতি অবশ্যই সাকিবই সচল রাখছিলেন বেশি।
ম্যাচে অ্যান্ড্রু সাইমন্ডসের করা একমাত্র ওভারটি থেকে দুটো ছক্কাসহ ১৭ রান তুলে নেওয়া সাকিব ফিফটিও করেছেন। ২৯ বলে ছয় চার ও দুই ছক্কায় ৫৪ রান করে তিনি আউট হওয়ার আগে আরো বড় কিছুর স্বপ্নই দেখছিল বাংলাদেশ। তার বিদায়ে তা অনেকটাই ধাক্কা খায়। তবুও শেষপর্যন্ত ১৮০ পেরোনোর পেছনে রিয়াদের ২৫ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসটির অবদানও কম নয়।
আনঅফিশিয়াল তিনটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান রিয়াদ এই ম্যাচে বোলার হিসেবেও দারুণ সফল। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে এই অফস্পিনারের ঘূর্ণিজাদুই খানিকটা বাঁধ দিয়েছে অস্ট্রেলিয়ার রান-বন্যায়। রিয়াদ একাই ৩৭ রান খরচায় ৪ উইকেট নেওয়ার পরও নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিশাল, ৬ উইকেটে ২১৯। রিয়াদের বোলিংকে তাই মন্দের ভালো না বলে উপায় নেই।
টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙ্গার জন্য মাথাকুটে মরতে হচ্ছিল। অথচ ম্যাচের প্রথম ওভারেই সেটি ভাঙ্গার সুযোগ কাজে লাগাতে পারেননি তামিম ইকবাল। মাশরাফি বিন মর্তুজার করা ম্যাচের প্রথম ওভারটির শেষ বলে মিড অফে ব্র্যাড হ্যাডিনের সহজ ক্যাচ ফেলেন তামিম। ওভাবে জীবন ফিরে পাওয়া হ্যাডিন এবং তার ওপেনিং-সঙ্গী শেন ওয়াটসন বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড়ই বইয়ে দিচ্ছিলেন।
তারা দু'জনে মিলে মাত্র ৮ ওভারেই ১০০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। তাদের ওখানেই থামানো না গেলে নিঃসন্দেহে আরো বড় বিপদ অপেক্ষা করে থাকতো বাংলাদেশের জন্য। তবে নবম ওভারে এক বলের ব্যবধানে তাদের দু'জনকেই শিকার বানিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনেন রিয়াদ। প্রথমে সুইপ করতে যাওয়া ওয়াটসনের ব্যাটের ওপরের কানা নিয়ে বল চলে যায় ডিপ স্কোয়ার লেগে দাঁড়ানো রুবেল হোসেনের হাতে, এর আগে দুটো প্রস্তুতি ম্যাচে ৯ উইকেট পাওয়া এই পেসার এদিন চরম মার খেয়েছেন (২ ওভারে ৩৪ রান)।
তবে আউট হওয়ার আগে ওয়াটসন মাত্র ২৩ বলে ছয় চার ও তিন ছক্কায় করে যান ৫২ রান। এক বল পর শুরুতে জীবন ফিরে পাওয়া হ্যাডিন লং অনে সেই তামিমেরই ক্যাচ হওয়ার আগে করেছেন ২৯ বলে ৪৭ রান। যে ইনিংসটিতে আছে চারটি চার ও দুটো ছক্কার মার। এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং (১২ বলে ১৪) এবং অ্যান্ড্রু সাইমন্ডসকেও (১৪ বলে ২৭) রিয়াদ একই ওভারে ফেরানোর পর রানগতি কিছুটা শ্লথ করা গিয়েছিল ঠিক, কিন্তু শুরুতে এমন একটা দারুণ ভিত্তি পেয়ে যাওয়ায় অজিদের বড় সংগ্রহ গড়া সহজ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২২১০ ঘ.
bdnews24