ঢাকা, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'হাত ভরে নেওয়া বলতে যা বোঝায়, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন মিলে ঠিক তাই নিচ্ছেন। ইংল্যান্ডে এখন পর্যন্ত খেলা তিনটি প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশ দলের সেরা পারফরমার এই দু'জনই। নিজের বাড়ির চিরচেনা উঠানের মতোই যেন তাদের সহজ এবং সাবলীল গতিবিধি ইংল্যান্ডের মাঠেও।
রিয়াদের ব্যাটে যেমন দারুণ ধারাবাহিকতা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ ৪৩ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে ৩৪ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস। আর শুক্রবার ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও তিনি খেললেন অপরাজিত ৪৬ রানের এক ঝকঝকে ইনিংস।
রুবেলের অবশ্য কিউইদের বিপক্ষে খেলার সুযোগ হয়নি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ পেয়েই ঝলসে ওঠেন এই ফাস্ট বোলার। সেদিন ১৯ রানে ৪ উইকেট নেওয়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে তিনি আরো আগ্রাসী। এবার মাত্র ১৬ রান খরচায় শিকার পাঁচ পাঁচজন স্কটিশ ব্যাটসম্যান। দুই ম্যাচে ৯ উইকেট, সুযোগের সদ্ব্যবহার বোধহয় একেই বলে।
ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে রিয়াদ বললেন, "প্রতিবারই খুব ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করতে নামছি। এবং প্রতিবারই ঠিক করে রাখি খুব জোরে বল পেটাবো ও রান করবো। আমার ধারণা আগে থেকেই এরকম ভেবে নামাটা খুব কাজে দিচ্ছে।"
আর দেশে দারুণ একটি ঘরোয়া মৌসুম পার করে যাওয়ার স্মৃতিও তার আত্মবিশ্বাসের পালে ব্যাপক হাওয়া দিচ্ছে, "দারুণ আত্মবিশ্বাস নিয়ে এই সফরটা আমি শুরু করতে পেরেছি। কারণ গত ঘরোয়া মৌসুমে রান করেছি। তাছাড়া টেকনিক নিয়েও কাজ করেছি। বিশেষ করে জেমির (সিডন্স) সঙ্গে ব্যাকলিফট নিয়ে কাজ করার সুফলও পাচ্ছি।"
রিয়াদের মতো টেকনিক নিয়ে কাজ করেছেন রুবেলও। প্রচন্ড গতির সঙ্গে মাঝেমধ্যে স্লোয়ার দেওয়ার বিষয়টাও বেশ ভালোই রপ্ত করেছেন, "এখন আমার হাত থেকে স্লোয়ারটা খুব ভালো বেরোচ্ছে।" এর পাশাপাশি শুক্রবারের ম্যাচে তার ইয়র্কার ও বাউন্সার নজর কেড়েছে ইংল্যান্ডের দুই সাবেক পেসার ডেভন ম্যালকম ও ফিলিপ ডিফ্রেটাসেরও। যারা পিসিএ মাস্টার্সের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার জন্য হাজির ছিলেন ওয়ার্মসলিতে।
রুবেলের বোলিংয়ে মুগ্ধ বাংলাদেশ দলের বোলিং কোচ চম্পাকা রমানায়েকেও, "রুবেল প্রতিনিয়তই উন্নতি করছে। অনুশীলনেও খুব ঘাম ঝরাচ্ছে। তাছাড়া অনুশীলনে যা যা করার চেষ্টা করছে, ম্যাচেও এখন পর্যন্ত তা করতে পারছে। বলের গতি এবং বিচিত্র অ্যাকশন মিলিয়ে বোলার হিসেবে ও অন্যধরনেরই।"
এই দুই সফল পারফরমার দলের পরিবেশটাও দারুণ উপভোগ করছেন। রিয়াদের ভাষায়, "পরিবেশ এক কথায় দারুণ। সবসময়ই আমরা একত্রে মজা করছি। একে অন্যের সঙ্গ উপভোগ করছি। সবার সঙ্গে সবার সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ।" আর এই বাংলাদেশ দলে খেলতে পারাটা রুবেলের জন্য অনেকটা স্বপ্নপূরণের মতোই, "খুব ভালো লাগছে। মাশরাফি আমার আদর্শ এবং একই দলে তার সঙ্গে খেলতে পারা অসাধারণ একটা ব্যাপার। তিনি আমাকে খুব সাহায্য করছেন। সেই সঙ্গে অন্য সতীর্থরাও।"
শুক্রবার স্কটল্যান্ডকে হারানোর পর শনিবার বাংলাদেশ দল বিশ্রামেই কাটিয়েছে। রোববার সকালে তারা রওনা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের 'বেজ' নটিংহ্যামে।
তথ্যসূত্র: টাইগারক্রিকেট ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ২১৩২ ঘ.
bdnews24