লন্ডন, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী শুক্রবার থেকে শুরু টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। তারপর ৮ জুলাই থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ-লড়াই। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে বেশি উদ্বিগ্ন থাকার কথা রিকি পন্টিংয়ের। অথচ এক মাসেরও বেশি সময় পর শুরু হতে যাওয়া অ্যাশেজ নিয়েই যেন বেশি দুশ্চিন্তা অস্ট্রেলিয়া অধিনায়কের। অস্ট্রেলীয় ক্রিকেটারদের মজ্জাগত কথার লড়াইয়ে অবতীর্ণ হয়ে তার হুঁশিয়ারি, পুরো ফিট না থাকা অ্যান্ড্রু ফ্লিনটফকে দলে রাখলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে ইংল্যান্ডের জন্য!
আইপিএলে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে অস্ত্রোপচার করানো ফ্লিনটফ টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না। ইংলিশরা অবশ্য আশা করছে অ্যাশেজের শুরু থেকে মাঠে দেখা যাবে তাদের প্রিয় 'ফ্রেডি'কে। এটা নিয়েই পন্টিংয়ের 'মনস্তাত্ত্বিক খেলা', "প্রথম টেস্টের আগে ইংল্যান্ডের নির্বাচকদের এ ব্যাপারে অনেক কঠিন সিদ্ধান্তই নিতে হবে। ওদের দলগঠনে ফ্লিনটফ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ২০০৭ সালে আমরা দেখেছি যে শতভাগ ফিট না থাকলে সে সম্ভবত দলের ওপরে নিজের ক্ষমতা অনুযায়ী প্রভাব রাখতে পারে না।"
২০০৫ সালে ইংল্যান্ডের ১৮ বছর পর অ্যাশেজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল ফ্লিনটফের। কিন্তু দু বছর পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজে মাইকেল ভনের ইনজুরির কারণে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া 'ফ্রেডি' ব্যর্থ হয়েছিলেন পুরোপুরি। তার দলও ডুবেছিল হোয়াইটওয়াশের লজ্জায়। সেই প্রসঙ্গ টেনে এনে পন্টিংয়ের বক্তব্য, "২০০৫ আর ২০০৭ সালে আমরা (ফ্লিনটফের মধ্যে) সম্পূর্ণ ভিন্ন দুজন খেলোয়াড়কে দেখেছিলাম। এতেই বোঝা যাচ্ছে প্রতি সিরিজে তার ফিটনেস ঠিক থাকা কতটা জরুরী। সেজন্যই তাদেরকে (ইংল্যান্ডের নির্বাচকদের) একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪২০ঘ.
bdnews24