ঢাকা, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের একেকটা 'ক্লোজ ম্যাচ' মানেই অনন্ত আক্ষেপের গল্প। মঙ্গলবার ওয়ার্মসলি ক্রিকেট মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ বল পর্যন্ত ঝুলে থাকা প্রথম প্রস্তুতি ম্যাচের ভাগ্য বাংলাদেশের বিপক্ষে যাওয়ার পরও তাই হল। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আফসোসের অনেকটা জুড়েই থাকলো শেষ ৫ ওভারের ব্যাটিং, "মানসম্পন্ন দলের বিপক্ষে দারুণ একটা ম্যাচ খেললাম আমরা। কিন্তু আমার মনে হয় শেষ ৫ ওভারে একদমই ভালো করিনি আমরা। ওই সময়ে এসেছে মাত্র ৩৩ রান। এমন নয় যে আমাদের হাতে উইকেট ছিল না। অথচ ১৫/২০ রান কম হয়ে গেছে।"
৬ উইকেটে ১৪৬-এর সঙ্গে আরো ১৫/২০ রান যোগ হলে জয়টা নিশ্চয়ই হাতছাড়া হত না টাইগারদের। কারণ কিউইরা জিতেছে শেষ বলে ২ রানের প্রয়োজনীয়তা মিটিয়ে। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থাতেই ছিল ১১ ওভারে ৩ উইকেটে ৮৭ রান তোলার পর। কিন্তু এরপর থেকেই ঝিমিয়ে পড়ে রানের গতি। বিশেষ করে দৃষ্টিনন্দন কিছু পুল আর ড্রাইভে ২৭ বলে ৩৫ রান করে সাকিব আল হাসানের বিদায়ের পর। অধিনায়কও দারুণ শুরু করে ধরে রাখতে পারেননি। পেসার ইয়ান বাটলারকে ফ্লিক করে ছক্কা ও স্কয়ার কাটে বাউন্ডারি হাঁকালেও সেই ওভারেই বোল্ড হয়ে যান আশরাফুল (১৩)।
রান একটু কম হয়ে গেলেও ম্যাচটাকে প্রায় জেতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বোলারদের কৃতিত্ব দিতেও ভুলছেন না অধিনায়ক, "পরিকল্পনামতোই এগোচ্ছিল সব। এই যেমন তামিম দারুণ শুরু করেছিল। কিন্তু ৫ ওভারে ১ উইকেটে ৪০ রান, এমন শুরুটা আমরা আর ধরে রাখতে পারিনি। ১৪৬ রান করে জেতা সহজ নয়, তবুও বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। যে স্পিরিট দেখিয়ে আমরা শেষ বল পর্যন্ত লড়লাম, তাতে আমি খুশী। অবশ্য সব জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে। প্র্যাকটিস ম্যাচগুলো তো এজন্যই। তবে শুরুটা ভালোই হয়েছে বলবো। আমরা এখন ঠিক কোথায় আছি, সেটাও মূল্যায়ন করতে সক্ষম হবো।"
আশরাফুল ভুল বলেননি, তামিম দারুণ শুরুই করেছিলেন। তার ১৩ বলে ১৯ রানের ইনিংসে চারটি বাউন্ডারির মার। এরমধ্যে দৃষ্টি কেড়েছে কাভার ও স্ট্রেট ড্রাইভে মারা বাউন্ডারি দুটো। আউট হওয়ার আগে এরকম ঝলক আশরাফুল, সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটেও ছিল। ৪১ বলে চার বাউন্ডারিতে ৪৩ রান করা রিয়াদ যখন হাত খুলে মারতে শুরু করলেন, ঠিক তখনই আউট হয়ে যান সাকিব। লংঅনে সামনে ডাইভ দিয়ে সাকিবকে দুর্দান্ত এক ক্যাচ বানানো নাথান ম্যাককালাম এর আগের বলেই সহজ ক্যাচ ফেলে জীবন দিয়েছিলেন ওয়ানডে র্যাংকিংয়ের সেরা অলরাউন্ডারকে।
ইংল্যান্ডে যাওয়ার আগে সেখানকার কন্ডিশনের সঙ্গে যতো দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার কথা বলে গিয়েছিলেন ক্রিকেটাররা। সেখানে গিয়েও তাদের গতানুগতিক ইংলিশ আবহাওয়ার ঝাপটা কিছুটা পোহাতে হচ্ছে। ম্যাচের আগের রাতে হালকা বৃষ্টি হয়েছে। আর হাঁড় কাপিয়ে দেওয়া বাতাস তো আছেই। মঙ্গলবার সূর্যের মুখ দেখা গেছে ম্যাচ শুরু হওয়ার পর। সাকিব অবশ্য জানাচ্ছেন, "আমার তো মনে হয় আমরা বেশ ভালোই মানিয়ে নিচ্ছি। এখানে লম্বা ও কঠিন দুটো অনুশীলনের সেশন ছিল আমাদের। উইকেট আর কন্ডিশনও পরিচিত হয়ে উঠছে ক্রিকেটারদের কাছে। এজন্যই তো আমাদের আগেভাগেই ইংল্যান্ডে চলে আসা।"
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ বলে হারলেও তা দলের আত্মবিশ্বাসের পালে হাওয়া দেবে বলেই বিশ্বাস সাকিবের, "হারটা অবশ্যই হতাশার। কারণ এই ম্যাচটায় জেতারও খুব ভালো সুযোগ ছিল। অবশ্য এই ম্যাচের পর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসীও।" কুঁচকির ইনজুরির জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকা সাকিব নিজের অবস্থা নিয়েও স্বস্তিতে, "দিনকে দিন অবস্থার উন্নতি হচ্ছে। প্রথম বলটা খেলার সময় একটু জড়তা ছিল, কিন্তু এরপর থেকেই সব স্বাভাবিক হয়ে গেছে। প্রথম ওভারের পর বোলিংটাও ঠিকঠাক হয়ে গিয়েছিল।" প্রথম ওভারে ৭ রান দেওয়া টোয়েন্টি টোয়েন্টির বিবেচনায় বেশি নয়। আর পরের তিন ওভারে তো দুর্দান্ত বোলিংই করেছেন সাকিব। এই বাঁ হাতি স্পিনারের বোলিং ফিগারও তাই দেখার মতো: ৪-০-১৫-১!
৪১ বলে ৬১ রান করে এক পর্যায়ে ম্যাচটাকে বাংলাদেশের কাছ থেকে অনেক দূরে নিয়ে যাওয়া কিউই ওপেনার মার্টিন গুপটিলকেও ফিরিয়েছেন সাকিবই। উইকেট ছেড়ে মারতে এসে টার্ন ও ফ্লাইটে পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন গুপটিল। অবশ্য কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে ফেলা নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভেঙ্গেছেন নবম ওভারে বোলিং করতে আসা আশরাফুল। পঞ্চম বলে নিল ব্র"মকে লেগবিফোরের ফাঁদে ফেলেন তিনি। গুপটিলের বিদায়ের পর স্পিনাররা কিউইদের রানের গতিও শ্লথ করে দেন। দুটো রান আউটও কিউইদের চাপে ফেলতে রেখেছে দারুণ ভূমিকা। দুটোই নাঈম ইসলামের কীর্তি। প্রথমটা পয়েন্ট থেকে সরাসরি থ্রো'তে নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙ্গে স্কট স্টাইরিসকে ফেরানো। এরপর খুব দ্রুত উইকেটকিপারের কাছে বল পাঠিয়ে রানআউট করেছেন ড্যানিয়েল ভেট্টোরিকে।
অবশ্য ইনিংসের ১৭তম ওভারে বল করতে এসে একটু খরুচেই ছিলেন নাঈম। এই অফস্পিনারের প্রথম ডেলিভারি ওয়াইড এবং তা থেকে বাউন্ডারিও পায় কিউইরা। ওই ওভার থেকে আসে ১১ রান। এ কারণেই দলের বোলিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, "ওই ওভারটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ ওরা (কিউইরা) সহজে রান করতে পারছিল না। আমরা আরো ভালো বোলিং করতে পারতাম বলে মনে হয় আমার। এদিন আমরা সঠিক লেন্থে বল রাখতে পারিনি তেমন একটা। ফিল্ডিংয়েও কিছু ভুল-ত্র"টি ছিল। তাছাড়া শেষ ওভারে রাসেলের বলে ম্যাককালামের (নাথান) ব্যাটে টপ-এজ হয়ে যে ছক্কাটা হল, সেটা অন্য কোনোদিন হয়তো ক্যাচই হত। কিন্তু বাতাসের কারণে বল লংঅফ পেরিয়ে গেল।"
শেষ ওভারে ১২ রান দরকার ছিল কিউইদের। প্রথম তিন বলে তিনটি সিঙ্গেল, চতুর্থ বলে ম্যাককালামের বাতাসের সহায়তায় পাওয়া ছক্কাটি। শেষ বলে লংঅফে ঠেলে জেতার জন্য প্রয়োজনীয় ২ রান তুলে নেন ম্যাককালাম (১৫*)।
বুধবার স্থানীয় সময় দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) ওয়ার্মসলি ক্রিকেট মাঠেই বাংলাদেশ দলের অনুশীলন করার কথা। তবে সেটা না হওয়ারই সম্ভাবনা বেশি । কারণ সকাল থেকে হালকা বৃষ্টির পাশাপাশি আকাশও ভীষণ মুখ গোমড়া করে আছে। বৃহস্পতিবার টাইগাররা অক্সফোর্ডশায়ার থেকে কেন্টে যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
টাইগারক্রিকেট ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯০৮ঘ.
bdnews24