২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতবধ'-এ শুরুর স্বপ্ন নিয়েই ইংল্যান্ডে গেল বাংলাদেশ

দিনদুয়েক আগে টিভিএস মোটরসাইকেলের 'দূত' হয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এ মুুহুর্তের সেরা অলরাউন্ডারের ব্যাটে শোভা পাবে টিভিএসের লোগো। তবে ৬ জুন বাংলাদেশের প্রথম ম্যাচে 'স্পটলাইট' একটু বেশি থাকার কথা তামিম ইকবালের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দিনদুয়েক আগে টিভিএস মোটরসাইকেলের 'দূত' হয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এ মুুহুর্তের সেরা অলরাউন্ডারের ব্যাটে শোভা পাবে টিভিএসের লোগো। তবে ৬ জুন বাংলাদেশের প্রথম ম্যাচে 'স্পটলাইট' একটু বেশি থাকার কথা তামিম ইকবালের ওপর। কারণ, টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত, ২০০৭ এর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যাদের বিদায়ঘন্টা বেজেছিল তামিমের ব্যাটেই। চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের এই ওপেনারকে তড়িঘড়ি তাদের পণ্যের 'দূত' বানানোর এটাই বোধহয় মূল কারণ। শনিবার সকাল সোয়া দশটায় বাংলাদেশ দলের সঙ্গে এমিরেটসের ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে তামিম বলে গেলেন, "খুব তাড়াহুড়োর মধ্যে লিখিত চুক্তি আর করা হয়ে ওঠেনি। গতকাল (শুক্রবার) ফোনে-ফোনে মৌখিক চুক্তি হয়েছে। আমার ব্যাটে থাকবে 'দাদা'র লোগো।" এই 'দাদা' হচ্ছে চট্টগ্রামের এমইবি গ্র"পের সয়াবিন তেল ও মিনারেল ওয়াটারের ব্র্যান্ড। পোর্ট সিটি টি-২০ ক্রিকেট লিগে যারা 'দাদা ওয়ারিয়র্স' নামে একটি দলও নামিয়েছিল। তাদের জন্যও পারফর্ম করার চাপ আছে। তাছাড়া কোচ জেমি সিডন্স যেভাবে বলে দিয়েছেন ''আয়ারল্যান্ড ম্যাচের ভাবনা পরে, আগে ভারতকে হারাতে চাই''; তাতে প্রত্যাশার চাপ তো নিশ্চয়ই অনুভব করতে শুরু করেছেন তিনি। তামিম অবশ্য চাপের কথা স্বীকার করলেন না, "চাপ নিলেই চাপ। এতে বরং খেলার ক্ষতিই হয়।" কিন্তু তার ব্যাটে আরেকটি 'ভারতবধ' দেখার যে স্বপ্ন, সে সম্পর্কে তার ভাষ্য, ''দেখুন, ভারতকে হারাতে হলে আমাদের সবাইকে যার যার সেরা খেলাটা খেলতে হবে। আমার তরফ থেকেও যথাসাধ্য চেষ্টা থাকবে। তবে আগে থেকে এই নিয়ে খুব বেশি ভেবে মাথা খারাপ করার কিছু আছে বলে আমার মনে হয় না।'' তামিমের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথ সূচিত হয়েছিল বটে, তবে অনেকেই ভুলে যান ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ভারত ম্যাচে আরো দুটো ফিফটি এসেছিল মুশফিকুর রহিম ও সাকিবের ব্যাট থেকে। সাকিবও ভারতের বিপক্ষে আরেকটি জয়ের স্বপ্ন দেখছেন, তবে এক্ষেত্রে কিছুটা সাবধানী তিনি, "আগেরবার আমরা ভারতকে হারিয়েছিলাম ওয়ানডেতে। এবার অন্য ফরম্যাটের খেলা। অবশ্য টি টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্য এটাও মাথায় রাখতে হবে যে ভারত টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। আইপিএলের কারণে তাদের দলটা আরো র্দুর্ধষ হয়ে উঠছে। তবে আমাদেরও হারানোর কিছু নেই। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে দিনটা (৬ জুন) আমাদেরও হয়ে যেতে পারে।" ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারত ম্যাচের দুই হিরো তামিম ও সাকিব ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ক্রিকেট বিশ্বের পুরোটাই প্রায় ঘুরে ফেলেছেন। 'প্রায়' বলার কারণ, এটাই জাতীয় দলের হয়ে তাদের প্রথম ইংল্যান্ড সফর। এর আগে গত বছর বাংলাদেশ 'এ' দলের হয়ে দু'জনেই ইংল্যান্ডে খেলে এসেছেন বলে সেখানকার কন্ডিশন একদম অজানা নয় তাদের। তামিম যেমন কিছু তথ্য-পরিসংখ্যানও তুলে ধরলেন, "সেখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গেও একটা ম্যাচ ছিল আমাদের। আমি ৬৫ রান করেছিলাম ওই ম্যাচে। ওই সফরে আমার তিন-চারটা ফিফটি আছে।" তারপরও টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার তো আছেই। কোচ সিডন্স অবশ্য মনে করেন, পাঁচটি প্র্যাকটিস ম্যাচ খেললেই তা হয়ে যাবে। ২৬ মে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ওয়ার্মসলিতে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৮ মে কেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার পরদিনই আবার ওয়ার্মসলিতে মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ১ ও ২ জুন নটিংহ্যামে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ দুটোয় বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে 'এ' গ্র"পে। ৬ জুন ট্রেন্টব্রিজে ভারতের মুখোমুখি হওয়ার পর একই ভেন্যুতে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে ৮ জুন। শনিবার সকালে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই ইংল্যান্ড রওনা হয়েছে বাংলাদেশ দল। এই দু'জন ইংল্যান্ড যাবেন রোববার সকাল সোয়া দশটায়। আইপিএল থেকে শূক্রবার সকালেই দেশে ফিরেছেন মাশরাফি। আশরাফুল ফিরেছেন শুক্রবার রাতে। গ্র"প পর্বে দু ম্যাচের একটি জিতলেই সুপার এইটে চলে যাবে বাংলাদেশ। তবে কোচ জেমি সিডন্সের স্বপ্ন প্রসারিত আরো দূর, "আমি তো আগেই বলেছি, ভারতকে প্রথম ম্যাচেই হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চাই আমরা। তারপর অন্য ভাবনা। সুপার এইটে গেলে আমাদের লক্ষ্য থাকবে সেমিফাইনাল।" কিন্তু কিসের ওপর ভিত্তি করে এত বড় স্বপ্ন দেখছেন তিনি? সিডন্স জবাবটা দিলেন এভাবে, "আমাকে স্বপ্ন দেখাচ্ছে দলের ব্যাটিং গভীরতা। ছয় নাম্বারে মুশি (মুশফিকুর রহিম), সাতে রিয়াদ (মাহমুদুল্লাহ রিয়াদ), আটে ম্যাশ (মাশরাফি)- দেখুন, আমাদের ব্যাটিং অর্ডারটা কত লম্বা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১২৪০ ঘ.