সেঞ্চুরিয়ন, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মনীশ পান্ডের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ডেকান চার্জার্সকে ১২ রানে হারিয়ে আইপিএলের সেমিফাইনালে উঠেছে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স। হেরে গেলেও কিংস ইলেভেন পাঞ্জাবকে নেট রানরেটে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নিয়েছে ডেকানও।
এবারের আইপিএলে এর আগে একটাই সেঞ্চুরি হয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই সেঞ্চুরিটা করেছিলেন দিল্লী ডেয়ারডেভিলসের এবি ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার ডি ভিলিয়ার্সের অপরাজিত ১০৫ রানকে পেছনে ফেলে মনীশ পান্ডে খেললেন এবারের আইপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
আইপিএলে প্রথম বারের মতো ওপেন করতে নামা ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ১০ বাউন্ডারি ও ৪ ছক্কাসমৃদ্ধ ৭৩ বলে অপরাজিত ১১৪ রানের সুবাদে ৪ উইকেটে ১৭০ রানের বড় সংগ্রহ গড়েছে ব্যাঙ্গালোর। জবাব দিতে নেমে ওপেনার হার্শেল গিবস জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ডেকানকে। কিন্তু ৪৩ বলে ৬০ রান করে গিবস আউট হয়ে যাওয়ার পর আর পেরে ওঠেনি তারা।
অবশ্য হেরে গেলেও সেমিফাইনালে উঠতে সমস্যা হয়নি ডেকানের। শুক্রবার প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দিল্লী। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্যাঙ্গালোর ও চেন্নাই।
সংক্ষিপ্ত স্কোর :
ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স : ২০ ওভারে ১৭০/৪ (মনীশ পান্ডে ১১৪*, মারউই ২৩, কোহলি ১৯*; ওঝা ২/৩২)
ডেকান চার্জার্স : ২০ ওভারে ১৫৮/৬ (গিবস ৬০, সাইমন্ডস ১৮, বিলাখিয়া ১৬*; অখিল ২/১৮, কুম্বলে ২/২৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৫৪ঘ.
bdnews24