২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে চেন্নাই

পুঁজি মাত্র ১১৬ রানের। কিন্তু এই সংগ্রহ নিয়েও দারুণ লড়াই করলেন চেন্নাই সুপার কিংসের স্পিনাররা। মূলত তাদের দুর্দান্ত নৈপুণ্যই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৪ রানের জয় এনে দিয়েছে চেন্নাইকে। সুবাদে দ্বিতীয় দল হিসাবে আইপিএলের সেমিফাইনালও নিশ্চিত করেছে মহেন্দ্র ধোনির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 07:00 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ডারবান, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজি মাত্র ১১৬ রানের। কিন্তু এই সংগ্রহ নিয়েও দারুণ লড়াই করলেন চেন্নাই সুপার কিংসের স্পিনাররা। মূলত তাদের দুর্দান্ত নৈপুণ্যই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৪ রানের জয় এনে দিয়েছে চেন্নাইকে। সুবাদে দ্বিতীয় দল হিসাবে আইপিএলের সেমিফাইনালও নিশ্চিত করেছে মহেন্দ্র ধোনির দল। ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাট করতে নামা চেন্নাই উদ্বোধনী জুটিতে ৪০ রান পেলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি। সর্বোচ্চ ৩২ রান এসেছে ওপেনার পার্থিব প্যাটেলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান ওয়ান ডাউনে নামা সুরেশ রায়নার। দুটি করে উইকেট নিয়েছেন শ্রীশান্ত ও ইরফান পাঠান। চেন্নাইয়ের ইনিংস শেষে বেশ নির্ভার ছিল পাঞ্জাব। ১১৭ রানের লক্ষ্যে তো সহজেই পৌঁছে যাওয়ার কথা! কিন্তু সেই 'সহজ' লক্ষ্যকেই কঠিন করে তুলেছেন চেন্নাইয়ের তিন স্পিনার মুত্তিয়া মুরালিধরন, রবিচন্দ্রন অশ্বিন ও রায়না। সবার আগে বলতে হবে ম্যান অব দ্য ম্যাচ 'মুরালি'র কথা। ৪ ওভারে মাত্র ৮ খরচায় সর্বকালের সেরা অফস্পিনারের শিকার ২ উইকেট। দুটো করে উইকেট নিয়েছেন অশ্বিন আর রায়নাও। এই তিন জনের জন্যই পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে ৯২ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। দুই অংকের ঘরে যেতে পেরেছেন মাত্র দুজন --- অস্ট্রেলীয় ব্যাটসম্যান লুক পমার্সবাক (২৬) ও ইরফান পাঠান (১৪)। এই জয়ের সুবাদে ১৪ ম্যাচ থেকে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ালো ১৭ পয়েন্ট। সমান ম্যাচে পাঞ্জাবের পয়েন্ট ১৪। লিগ পর্বে এটাই দু দলের শেষ ম্যাচ ছিল। তবে পাঞ্জাবের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বৃহস্পতিবার ডেকান চার্জার্স-ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের ওপরে নির্ভর করছে তাদের ভাগ্য। পাঞ্জাবের মতো ডেকান আর ব্যাঙ্গালোরের সংগ্রহও ১৪ পয়েন্ট। নেট রানরেটে অবশ্য ডেকান ( ০.২৬৫) এগিয়ে আছে ব্যাঙ্গালোর (-০.২৫৩) ও পাঞ্জাবের (-০.৪৮৩) চেয়ে। সংক্ষিপ্ত স্কোর : চেন্নাই : ২০ ওভারে ১১৬/৯ (পার্থিব ৩২, রায়না ২০, ওরাম ১৭; শ্রীশান্ত ২/২৩, ইরফান ২/৩২) পাঞ্জাব : ২০ ওভারে ৯২/৮ (পমার্সবাক ২৬, ইরফান ১৪; মুরালিধরন ২/৮, অশ্বিন ২/১৩, রায়না ২/১৭, তুশারা ২/২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩০৬ঘ.