মুম্বাই, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাবিবুল বাশারের জন্য দারুণ একটা সুখবর। 'নিষিদ্ধ' ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএল ছেড়ে আসার ইচ্ছেটা তার পুরণ হতে আর কোনো বাধা থাকছে না। আইসিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, মূলধারার ক্রিকেটে ফেরার জন্য আবেদন করেছিলেন এমন জনাপঞ্চাশেক ক্রিকেটারকে তাদের সঙ্গে করা চুক্তি বাতিলের অনুমতি দিচ্ছে তারা।
তালিকাটা প্রকাশ করেনি তারা, তবে ক্রিকইনফো জানিয়েছে চুক্তি থেকে মুক্তি পাওয়াদের মধ্যে নিউজিল্যান্ডের শেন বন্ড, পাকিস্তানের ইমরান নাজির ও রানা নাভিদ-উল হাসান আর ভারতের দীপ দাসগুপ্ত, অভিষেক ঝুনঝুনওয়ালা ও হেমাঙ্গ বাদানিদের সঙ্গে আছে ঢাকা ওয়ারিয়র্সের অধিনায়কের নামও।
গত ১৮ মে আইসিএলের বোর্ডসভায় সিদ্ধান্তটা নেওয়ার পর আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "কয়েকজন দেশী ও বিদেশী ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ নিজেদের রাজ্যদলের পক্ষে খেলার সুবিধার্থে আইসিএলের সঙ্গে চুক্তি বাতিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তাদেরকে সেই অনুমতি দেওয়া হচ্ছে।"
আইসিএল-এর বাণিজ্যিক শাখার প্রধান হিমাংশু মোদি ক্রিকইনফোকে বলেছেন, "আমরা ওই খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছি, কারণ আইসিএল সব সময়ই খেলোয়াড়দের পক্ষে। আমরা তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।"
তবে এই খেলোয়াড়দের ছেড়ে দিলেও অনুমোদন আদায়ে আইসিসির সঙ্গে লড়াইয়ে হাল ছেড়ে দিচ্ছেন না বলে দাবি করেছেন মোদি। এ নিয়ে বরং আগামীতে আইনি লড়াই শুরুর আভাষ দিয়েছেন তিনি।
অনুমোদন চেয়ে আইসিসির কাছে আইসিএলের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর গত মাসে প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল আইসিএলের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য। পরে তাদের পথ ধরে বাংলাদেশসহ অন্যান্য দেশের বোর্ডগুলোও জানিয়েছিল, মূলধারার ক্রিকেটে ফিরতে হলে ১৫ মে'র মধ্যে আইসিএলের সঙ্গে চুক্তি বাতিল করে আবেদন করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলেন এ সব খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১৭ ঘ.
bdnews24