২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইমন্ডসকে ছাড়াই অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল

আবার অস্ট্রেলিয়া দলে উপেক্ষিত অ্যান্ড্রু সাইমন্ডস। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের জন্য ঘোষিত ১৬ জনের দলে জায়গা হয়নি তার। সাইমন্ডসের বদলে শেন ওয়াটসন ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মতো দুই তরুণ অলরাউন্ডারকে নিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 08:27 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সিডনি, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার অস্ট্রেলিয়া দলে উপেক্ষিত অ্যান্ড্রু সাইমন্ডস। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের জন্য ঘোষিত ১৬ জনের দলে জায়গা হয়নি তার। সাইমন্ডসের বদলে শেন ওয়াটসন ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মতো দুই তরুণ অলরাউন্ডারকে নিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। মদ্যপান এবং শৃঙ্খলাভঙ্গের কারণে গত বছর থেকেই অস্ট্রেলীয় নির্বাচকরা সাইমন্ডসের ওপরে ভীষণ বিরক্ত। ক' দিন আগে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে সুযোগ পেলেও তেমন সুবিধা করতে পারেননি তিনি। তাই অ্যাশেজে সাইমন্ডসকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে তেমন সমস্যা হয়নি নির্বাচকদের। সেজন্য এই অলরাউন্ডারের প্রতি সমবেদনা জানালেও নতুনদের দলে পেয়ে দারুণ সন্তুষ্ট রিকি পন্টিং, "আমরা সবাই জানি অ্যান্ড্রু (সাইমন্ডস) কতটা ভালো খেলোয়াড়। তবে বাস্তবতা হলো গত বছর থেকে সে দলের বাইরে। খবরটা শুনে সে হতাশ হবেই। কিন্তু আমাকে তো এখন ১৬ জনের দল নিয়েই ইংল্যান্ডে যেতে হবে। আমি নিশ্চিত আমরা এমন পর্যায়ের ক্রিকেট খেলতে পারবো যা সিরিজ জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণিত হবে। অন্যদের সুযোগ দেয়া হয়েছে এবং তারা খুব ভালো খেলেই এই জায়গায় এসেছে। আর যথেষ্ট ভালো খেলেই অ্যান্ড্রুকে দলের বাইরে ঠেলে দিয়েছে।" নির্বাচকদের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, "আমি মনে করি নির্বাচকরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আমার মনে হয় তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দলই পেয়েছি আমরা। এবং দুর্দান্ত এক সিরিজের সম্ভাবনায় আমি রোমাঞ্চিতও। ২০০৬-০৭ মৌসুমে ঘরের মাঠে অনুষ্ঠিত অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০তে হোয়াইটওয়াশ করা অস্ট্রেলিয়ার দলটি সত্যিই ভারসাম্যপূর্ণ। কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকায় অভিষেক টেস্টেই সেঞ্চুরি করা মার্কাস নর্থ আর ফিলিপ হিউজ প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন দলে। সাইমন ক্যাটিচের সঙ্গে ওপেন করার ভার পড়বে হিউজের ওপরে। এরপরই নামবেন পন্টিং, মাইকেল ক্লার্ক, মাইক হাসি আর নর্থ। ব্রেট লি আর স্টুয়ার্ট ক্লার্ক ইনজুরি কাটিয়ে ফেরায় পেস আক্রমণ শক্তিশালী হয়েছে বহুগুণ। এই দুই অভিজ্ঞ ফাস্ট বোলারের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ে বড় ভূমিকা রাখা মিচেল জনসন, পিটার সিডল আর বেন হিলফেনহস তো আছেনই। স্পেশালিস্ট স্পিনার অবশ্য একজনই --- নাথান হরিজ। তবে দুই পার্টটাইম স্পিনার মাইকেল ক্লার্ক আর নর্থকেও কাজে লাগাতে পারবেন পন্টিং। ২৪ জুন সাসেক্সের সঙ্গে ফার্স্ট ক্লাস ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার 'মিশন ইংল্যান্ড'। প্রথম টেস্ট ৮ জুলাই থেকে, ভেন্যু কার্ডিফ। অস্ট্রেলিয়া দল : রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, স্টুয়ার্ট ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন, নাথান হরিজ, বেন হিলফেনহস, ফিলিপ হিউজ, মাইক হাসি, মিচেল জনসন, সাইমন ক্যাটিচ, ব্রেট লি, গ্রাহাম ম্যানু, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, মার্কাস নর্থ, পিটার সিডল, শেন ওয়াটসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৩ঘ.