ঢাকা, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড রওনা হওয়ার আগে লজ্জাজনক হার দিয়েই শেষ হল বাংলাদেশ দলের প্রস্তুতি। মঙ্গলবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে তৃতীয় এবং শেষ টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে বিসিবি একাদশের ব্যানারে খেলা জাতীয় দল হেরেছে ৭ উইকেটে। যে ম্যাচে দেখা গেছে জাতীয় দলের বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী।
মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজা দু'জনের কেউই না থাকায় এই তিনটি প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে অলরাউন্ডার নাঈম ইসলাম ব্যাট হাতে রুখে না দাঁড়ালে মঙ্গলবার আরো বড় লজ্জাতেই পড়তে হতো বিসিবি একাদশকে। ৪০ রানে ৬ উইকেট হারিয়ে সেই আশঙ্কাতেই পড়েছিল স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নামার পর শুরুতেই আউট বাংলাদেশ দলের নতুন মুখ মোহাম্মদ মিঠুন (০)। দলে আরেক নবাগত শামসুর রহমান শুভ'র অবদান মাত্র ১ রান। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল তামিম ইকবাল (২১) ও এদিন ওয়ানডাউনে নামা জুনায়েদ সিদ্দিকী (১০)। রকিবুল হাসান (১) ও মাহমুদুল্লাহ রিয়াদও (০) হতাশ করায় অল্প রানে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল স্বাগতিকদের শিবিরে।
সেই আশঙ্কা থেকে দলকে মুক্তি দিয়েছে মুশফিক (২৮ বলে ৩৯) ও নাঈমের (৩৩ বলে ২৭) ৬০ রানের সপ্তম উইকেট জুটি। অবশ্য এই জুটিতে আরো বড় লজ্জা এড়ানো গেলেও মহারাষ্ট্রের মতো দলের বিপক্ষে ১৯.১ ওভারে ১১৭ রানে অলআউট হওয়াও কম লজ্জাজনক নয়! হারশাদ খাদিওয়ালে'র (৪৭ বলে ৬২) অধিনায়কোচিত এক ইনিংসের সুবাদে লক্ষ্যে পৌঁছাতে মাত্র ৩ উইকেট হারাতে হয়েছে সফরকারীদের। তখনো তাদের হাতে ১৩ বল বাকি। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখা শ্রীকান্ত মুন্ডে। মাত্র ২২ রান খরচায় এই নতুন বলের বোলারের শিকার চারজন বাংলাদেশী ব্যাটসম্যান। এছাড়া কিরণ আদভ ২৩ রানে নিয়েছেন তিনটি উইকেট।
তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ অনায়াসেই জিতেছিল। তবে দ্বিতীয় ম্যাচে তাদের সহজ জয় কেড়ে নেয় বৃষ্টি। সফরকারীরা শেষ ম্যাচে জিতে যাওয়ায় 'অনানুষ্ঠানিক' এই সিরিজের ফলাফল অমীমাংসিত রইলো। যদিও আনুষ্ঠানিক ক্রিকেট অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অনানুষ্ঠানিক সিরিজের ফল বড় এক শঙ্কাই জাগিয়ে রাখলো!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮৪৭ঘ.
bdnews24