ঢাকা, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৩-১-৫-৪! মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে টি২০ ম্যাচে এরকম অবিশ্বাস্য বোলিংই করেছেন বাংলাদেশ দলের নাঈম ইসলাম। এই অফস্পিনারের ঘূর্ণিতে সফরকারীরা ১৫ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায়। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় এই প্রস্তুতি ম্যাচে তাই সহজ জয়ই পাওয়ার কথা ছিল স্বাগতিকদের। কিন্তু বৃষ্টির বাগড়ায় তা আর হয়ে ওঠেনি। দুপুর এগারোটায় শুরু হওয়া ঝুম বৃষ্টির কারণে ম্যাচটা শেষপর্যন্ত পৌনে একটায় পরিত্যক্ত ঘোষিত হয়। এই ম্যাচে দুই পেসার সৈয়দ রাসেল ও রুবেল হোসেন যথাক্রমে ১৮ ও ১৭ রান খরচায় দুটো করে উইকেট নিয়েছেন। ১৬ রানে ১ উইকেট নিয়েছেন আরেক অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২০০ঘ.
bdnews24