সেঞ্চুরিয়ন, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে রান খরা, আর কলকাতা নাইট রাইডার্সের হার চলছিল হাত ধরাধরি করেই। সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অবসান হয়েছে এই দুটিরই। হেসেছে ম্যাককালামের ব্যাট আর তার ৪৮ বলে ৮১ রানে ভর করে কলকাতা ৭ উইকেটে হারিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসকে।
টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই কিন্তু শক্ত চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিল। সুরেশ রায়নার ফিফটির সঙ্গে ব্যাট হাতে নামা অন্য সবারই কিছু না কিছু অবদানে ২০ ওভারে তারা তুলেছিল ৩ উইকেটে ১৮৮ রান।
জবাব দিতে নেমে ম্যাককালামের ওই ইনিংসের সঙ্গে ব্র্যাড হজের ৪৪ বলে অপরাজিত ৭১ রান ত্রয়োদশ ম্যাচে দ্বিতীয় জয় এনে দিয়েছে কলকাতাকে। দ্বিতীয় উইকেটে এই দুজনের ৯.২ ওভারে ৯০ রানের জুটির পরও অবশ্য জয়টা সহজে আসেনি, সে জন্য অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ বল পর্যন্ত। একটি ছক্কা আর দুটি বাউন্ডারিতে ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলে তাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও।
চারটি ছক্কা আর চারটি বাউন্ডারিতে সাজানো ৭১ রানের ইনিংসটির কল্যাণে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হজ। তিনটি ছক্কার সঙ্গে ১১টি বাউন্ডারি ছিল ম্যাককালামের ইনিংসে।
এই হারের পরও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই আছে চেন্নাই। তবে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া মহেন্দ্র সিং ধোনির দলের সেমিফাইনাল খেলাটা নিশ্চিত নয় এখনো। কারণ, ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব আর ১২ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের টপকে যাবে যদি তারা শেষ ম্যাচে হারে আর এই তিন দল পায় জয়। এমনকি ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া রাজস্থান রয়্যালসেরও সুযোগ আছে কাগজে-কলমে হলেও, শেষ ম্যাচে জিতে চেন্নাইকে ধরে ফেলতে পারবে তারাও। তবে কলকাতার কোনো সুযোগ নেই। এই জয়ের পরও ১৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারাই আছে সবার নিচে।
সংক্ষিপ্ত স্কোর :
চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৮৮/৩ (প্যাটেল ২৫, বেইলি ৩০, রায়না ৫২, ধোনি ৪০*, মরকেল ২১*; দিন্দা ১/২৯)
কলকাতা নাইট রাইডার্স : ২০ ওভারে ১৮৯/৩ (ম্যাককালাম ৮১, সৌরভ ৪, হজ ৭১*, হাসি ৩, সাহা ২৫*; মুরালিধরন ১/১৬, জাকাতি ১/৩৬)
ফল : কলকাতা ৭ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৯ ঘ.
bdnews24