২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের হ্যাটট্রিকে পাঞ্জাবের নাটকীয় জয়

আবার রোহিত শর্মার দুর্দান্ত এক ইনিংস। কিন্তু আগের দিন মাশরাফির আইপিএল অভিষেককে বিস্মরণীয় করে দেয়া রোহিত এবার আর জয় এনে দিতে পারেননি ডেকান চার্জার্সকে। রোববার দারুণ নাটকীয়তার ভরা এক ম্যাচে যুবরাজ সিংয়ের হ্যাটট্রিকে ১ রানে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

জোহানেসবার্গ, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার রোহিত শর্মার দুর্দান্ত এক ইনিংস। কিন্তু আগের দিন মাশরাফির আইপিএল অভিষেককে বিস্মরণীয় করে দেয়া রোহিত এবার আর জয় এনে দিতে পারেননি ডেকান চার্জার্সকে। রোববার দারুণ নাটকীয়তার ভরা এক ম্যাচে যুবরাজ সিংয়ের হ্যাটট্রিকে ১ রানে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব ব্যাটসম্যানদের ব্যর্থতায় তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি। কুমার সাঙ্গাকারা (৪৩ বলে ৫৬) এবং যুবরাজ (১৮ বলে ২০) ছাড়া আর কেউ জ্বলে পারেননি বলে পাঞ্জাব পেয়েছে ৭ উইকেটে ১৩৪ রানের মাঝারি সংগ্রহ। ২৬ রানে ৩ উইকেট নেয়া আরপি সিং ডেকানের সেরা বোলার। দুই ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট (১৩ বলে ২৩) ও হার্শেল গিবস (৩৭ বলে ২৬) এবং চার নম্বরে নামা অ্যান্ড্রু সাইমন্ডসের (২৫ বলে ২৫) সৌজন্যে লক্ষ্যের পথে ভালো ভাবেই এগোচ্ছিল ডেকান। কিন্তু হায়দ্রাবাদের দলটির পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন যুবরাজ। ইনিংসের দ্বাদশ ওভারের শেষ বলে গিবস এবং চতুর্দশ ওভারের প্রথম দুই বলে সাইমন্ডস ও বেনুগোপাল রাওকে ফিরিয়ে এবারের আইপিএলে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করার পাশাপাশি দলের জয়ের সম্ভাবনাও উজ্জ্বল করে তুলেছেন পাঞ্জাব অধিনায়ক। তবে আগের দিন ১৩ বলে অপরাজিত ৩২ রান করে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়া রোহিত তখনো ক্রিজে ছিলেন বলে আশায় বুক বাঁধতে পারছিল ডেকান। শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৪৩ রান। উইলকিন মোটা ও ব্রেট লি'র করা ১৮ ও ১৯তম ওভার থেকে ১৮ ও ১৪ রান তুলে নেন রোহিত। শেষ ওভার করতে আসেন ইরফান পাঠান। রোহিত প্রথম ২ বলে একটি বাউন্ডারিসহ ৬ রান নিলে এবং পরের বলটা ওয়াইড হলে ডেকানের জয় প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। কিন্তু তারপরই নাটকীয়তা। ইরফান রোহিতকে বোল্ড করলে পাল্লা আবার হেলে পড়ে পাঞ্জাবের দিকে। এবং শেষ ৩ বলে আরপি সিংয়ের উইকেটসহ ২ রান দিয়ে যুবরাজের দলকে দারুণ নাটকীয় এক জয় এনে দেন ইরফান। রোহিতের ২৬ বলে ৩টি করে চার ও ছক্কাসহ ৪২ রান তাই এবার কোনো কাজে আসেনি ডেকানের। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যুবরাজ। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পাঞ্জাব। সমান ম্যাচ খেলে পাঞ্জাবের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় ডেকানের অবস্থান তৃতীয়। সংক্ষিপ্ত স্কোর : কিংস ইলেভেন পাঞ্জাব : ২০ ওভারে ১৩৪/৭ (সাঙ্গাকারা ৫৬, যুবরাজ ২০, ইরফান ১৭; আরপি সিং ৩/২৬) ডেকান চার্জার্স : ২০ ওভারে ১৩৩/৮ (রোহিত ৪২, গিবস ২৬, সাইমন্ডস ২৫, গিলক্রিস্ট ২৩; যুবরাজ ৩/১৩, পাওয়ার ২/১১, ইরফান ২/২৯)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১০৪ঘ.