সিলেট, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটো চারদিনের ম্যাচে গো-হারা হারলেও একাডেমী কাপের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে জিপি-বিসিবি একাডেমী দল। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অল্প রানের পুঁজি নিয়েও দুই স্পিনার নাসির হোসেন ও নাবিল সামাদের ঘূর্ণিতে তারা ৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কান ডেভলপমেন্ট স্কোয়াডকে।
তবে অফস্পিনে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপাকে ফেলার আগে ব্যাট হাতেও দুর্বার ছিলেন নাসির হোসেন। স্বাগতিক দলের ইনিংস সর্বোচ্চ ৪৭ রান তার ব্যাট থেকেই আসা। এছাড়া শুভাগত হোম ৪৫ ও ওপেনার রনি তালুকদার ৩৭ রান করেন। ৪৫.২ ওভারে ১৮৩ রানে জিপি-বিসিবি অলআউট হওয়ার পর বোলিং দিয়ে দলকে জেতাতে দারুণ ভূমিকা রাখা নাসির হয়েছেন ম্যাচের সেরা। ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। আর বাঁ হাতি স্পিনার নাবিল ৩ উইকেট নিতে খরচ করেছেন ৩৭ রান। ২ উইকেটে ১২৫ থেকে সফরকারীদের ইনিংস ৪৮.৫ ওভারে ১৭৬ রানে শেষ করে দিয়েছেন আসলে ওই দুই স্পিনার মিলেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১৫৫ ঘ.
bdnews24