২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াডে অভিষেক হচ্ছে ক্রিকেটের

২০২০ সালের অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে কথার লড়াই। ক্রিকেটের নতুন ফরম্যাট টোয়েন্টি-টোয়েন্টিকে 'অলিম্পিকের খেলা' হিসেবে দেখতে চাইছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহর মতো অনেকেই। তবে আসল অলিম্পিকের আগেই 'এশিয়ার অলিম্পিক' এশিয়াডে অভিষেক হয়ে যাচ্ছে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের। আগামী বছর চীনের গুয়াংঝুতে অনুষ্ঠেয় ষোড়শ এশিয়াডেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

চেন্নাই, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০২০ সালের অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে কথার লড়াই। ক্রিকেটের নতুন ফরম্যাট টোয়েন্টি-টোয়েন্টিকে 'অলিম্পিকের খেলা' হিসেবে দেখতে চাইছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহর মতো অনেকেই। তবে আসল অলিম্পিকের আগেই 'এশিয়ার অলিম্পিক' এশিয়াডে অভিষেক হয়ে যাচ্ছে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের। আগামী বছর চীনের গুয়াংঝুতে অনুষ্ঠেয় ষোড়শ এশিয়াডেই। গত সপ্তাহে কুয়েতে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ)'র সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুয়াংঝু অলিম্পিকে তিনটি নতুন খেলাসহ মোট ৪২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত হবে। সেই তিনটি খেলার একটি ক্রিকেট, বাকি দুটি হলো রোলার স্পোর্টস ও ড্যান্স স্পোর্টস। বুধবার ওসিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের উদ্যোগেই ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে এশিয়াডে। পুরুষ, মহিলা দুই বিভাগেই লড়াই হবে এই টুর্নামেন্টে, আর এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে স্বাগতিক চীনও সরাসরি খেলার সুযোগ পাবে আট দলের মূলপর্বে। বাকি তিনটি দলকে আসতে হবে বাছাই পর্ব পেরিয়ে। "টুর্নামেন্টটা খুব বড় আয়োজনই হবে বলে ভারত ও পাকিস্তান এতে তাদের সেরা দল পাঠাবে"- ওসিএ সভাপতি শেখ আহমাদ আল ফাহাদ আল সাবাহ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই ১৯০০ সালে অনুষ্ঠিত আধুনিক অলিম্পিকের দ্বিতীয় আসরের অনুষঙ্গ হয়ে ছিল ক্রিকেট, তারপর থেকেই তা নির্বাসিত বিশ্বের সব ক্রীড়াবিদদের মিলনমেলায়। অলিম্পিকের ধাঁচে আয়োজিত কোনো টুর্নামেন্টে সর্বশেষ ক্রিকেটের লড়াই হয়েছিল ১৯৯৮ কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/১৮৪৫ ঘ.