২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথারীতি কলকাতার হার

কলকাতা নাইট রাইডার্স ১১টা ম্যাচ খেলে ফেললেও এখনো সুযোগ পাননি মাশরাফি। কলকাতাও আবারো ভূ-পতিত! মঙ্গলবার আইপিএলে ৪ উইকেটে ১৭৩ রানের ভালো সংগ্রহ গড়েও জিততে পারেনি তারা। রস টেলরের ঝড়ো ব্যাটিং ৪ বল আগেই ৬ উইকেটের জয় এনে দিয়েছে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

সেঞ্চুরিয়ন, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতা নাইট রাইডার্স ১১টা ম্যাচ খেলে ফেললেও এখনো সুযোগ পাননি মাশরাফি। কলকাতাও আবারো ভূ-পতিত! মঙ্গলবার আইপিএলে ৪ উইকেটে ১৭৩ রানের ভালো সংগ্রহ গড়েও জিততে পারেনি তারা। রস টেলরের ঝড়ো ব্যাটিং ৪ বল আগেই ৬ উইকেটের জয় এনে দিয়েছে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সকে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নামা কলকাতার পৌনে দুশো ছোঁয়া ইনিংসের প্রধান স্থপতি ব্রেন্ডন ম্যাককালাম। এবারের আইপিএলের শুরু থেকেই অনুজ্জ্বল কলকাতা অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬৪ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৮৪ রানের এক বিধ্বংসী ইনিংস। তার সঙ্গে ডেভিড হাসিও (২৭ বলে ৪৩) জ্বলে ওঠায় শাহরুখ খানের দল পেয়েছে লড়াই করার মতো সংগ্রহ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দু ওপেনার জ্যাক ক্যালিস (৩৪ বলে ৩২) ও জেসি রাইডারের (২০ বলে ২২) ৫৮ রানের জুটি বেশ ভালো সূচনা এনে দিয়েছে ব্যাঙ্গালোরকে। কিন্তু দুজন ফিরে আসার পর আস্কিং রান রেট লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় বেশ চাপের মধ্যে পড়ে গিয়েছিল তারা। ১০ ওভারশেষে ২ উইকেটে ৭০ করা ব্যাঙ্গালোরকে শেষ ১০ ওভারে করতে হতো আরো ১০৪ রান। নিঃসন্দেহে কঠিন কাজ। তবে ম্যাচ-সেরা রস টেলরের ব্যাটের আঘাত সেই কঠিন কাজকেই সহজে পরিণত করেছে। ৩৩ বলে অপরাজিত ৮১ রান, ছক্কা ৫টা, বাউন্ডারি ৭টা --- পরিসংখ্যানেই স্পষ্ট কিউই ব্যাটসম্যান কতটা জ্বালিয়ে-পুড়িয়ে মেরেছেন কলকাতার বোলারদের। আর তাই ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ব্যাঙ্গালোরের দলটি। আপাতত তাদের অবস্থান পঞ্চম। আর কলকাতা? নবম পরাজয়ের লজ্জায় নীল হয়ে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তারা যথারীতি সবার নিচে! সংক্ষিপ্ত স্কোর : কলকাতা নাইট রাইডার্স : ২০ ওভারে ১৭৩/৪ (ম্যাককালাম ৮৪*, ডেভিড হাসি ৪৩, ম্যাথুজ ১৬; বিনয়কুমার ২/৩৩) ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স : ১৯.২ ওভারে ১৭৬/৪ (টেলর ৮১*, ক্যালিস ৩২, রাইডার ২২, বাউচার ১৩*; মুরালি কার্তিক ২/২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.