ঢাকা, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জিততে হলে শেষদিনে রীতিমতো অসাধ্যই সাধন করতে হবে জিপি-বিসিবি একাডেমী দলকে। বুধবার তাদের করতে হবে ৩৭৬ রান। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে একাডেমী কাপের দ্বিতীয় চারদিনের ম্যাচের তৃতীয় দিন শ্রীলঙ্কার ডেভলপমেন্ট স্কোয়াড স্বাগতিকদের ৪৩৮ রানের বিশাল টার্গেট দেয়। জবাবে জিপি একাডেমী দিন শেষ করেছে ১ উইকেটে ৬২ রান তুলে।
এর আগে ৬ উইকেটে ১১৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা স্বাগতিক দলের প্রথম ইনিংস বেশিদূর এগোয়নি। আরাফাত সালাউদ্দিনের অপরাজিত ৪৫ রানে সেটা ১৬৫ পর্যন্ত যায়। তবে প্রথম ইনিংসে ৪২৩ রান করা স্বাগতিকরা ফলোঅন করায়নি। তারা নিজেরাই ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ৬৪ রান আসে শিরিবর্ধনের ব্যাট থেকে। স্বাগতিক দলের দুই পেসার রবিউল ইসলাম শিবলু (৩/৩৭) ও সাইফুল ইসলাম সুহাশের (৩/৩৯) সঙ্গে স্পিনার সাকলায়েন সজীবও নিয়েছেন ৬৫ রানে ৩ উইকেট। প্রায় সাড়ে চারশো রান তাড়া করতে নামা জিপি-বিসিবি একাডেমী হারিয়েছেন ওপেনার জহুরুল ইসলাম অমির (২৫) উইকেটটি। অন্য ওপেনার নাসিরুদ্দিন ফারুকের (৩৩) সঙ্গে ক্রিজে আছেন সগীর হোসেন (১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.
bdnews24