ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- মহিলা ক্লাব কাপ ক্রিকেটের ফাইনালে আনসার ও ভিডিপিকে হারিয়ে ৫ উইকেটে শিরোপা জিতেছে মোহামেডান। অনসারের ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে তারা ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়েই পৌঁছে যায় লক্ষ্যে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের শুকতারা।
সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আনসার ও ভিডিপি। কিন্তু মোহামেডানের চমৎকার বোলিংয়ের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। পান্না ঘোষ (৪৪) ও রেশমা আক্তার (২৩) ছাড়া আর কেউই সেভাবে না দাঁড়াতে পারায় ৩৫ ওভারে ১২৩ রান তুলেই অল-আউট হয়ে যায় তারা। মোহামেডানের শুকতারা ২৯ রানে ৪টি ও ইতি মন্ডল ২২ রানে ২টি উইকেট নিয়েছেন।
এরপর শুকতারা ব্যাট হাতে মোহামেডানের ইনিংস ওপেন করে ১৭ রান করেছেন। আর কেউ বড় ইনিংস না খেললেও কয়েকটি ছোট ছোট সংগ্রহ তাদের পৌঁছে দেয় জয়ের বন্দরে। শায়লা (২৪), সালমা (২৮), তাহিনের (১৩) ইনিংস ছাড়াও অতিরিক্ত খাতের ২৪ রান মোহামেডানের কাজটাকে সহজ করে দেয় অনেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.
bdnews24