২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতাকে গুঁড়িয়ে দিয়ে শীর্ষে ফিরলো দিল্লী

এবার যদি মাশরাফির কথা মনে পড়ে জন বুকাননের! বিদেশী খেলোয়াড়ের কোটা চারজনের বেশি না হওয়ায় নাকি সাড়ে ছয়লাখ ডলারে কেনা বাংলাদেশ সহঅধিনায়ককে খেলাতে পারছেন না কলকাতা নাইটরাইডার্সের কোচ। কিন্তু রোববার সেই কোটায় যাদের খেলালেন তিনি, তাদের সবাই ব্যর্থ হয়েছেন চরমভাবে। ফল, নাইট রাইডার্সের আরেকটি হার। তাদের ইনিংস মাত্র ১২৩ রানে আটকে রেখে সাত উইকেটের সহজ জয় পেয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে দিল্লী ডেয়ারডেভিলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

জোহানেসবার্গ, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার যদি মাশরাফির কথা মনে পড়ে জন বুকাননের! বিদেশী খেলোয়াড়ের কোটা চারজনের বেশি না হওয়ায় নাকি সাড়ে ছয়লাখ ডলারে কেনা বাংলাদেশ সহঅধিনায়ককে খেলাতে পারছেন না কলকাতা নাইটরাইডার্সের কোচ। কিন্তু রোববার সেই কোটায় যাদের খেলালেন তিনি, তাদের সবাই ব্যর্থ হয়েছেন চরমভাবে। ফল, নাইট রাইডার্সের আরেকটি হার। তাদের ইনিংস মাত্র ১২৩ রানে আটকে রেখে সাত উইকেটের সহজ জয় পেয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে দিল্লী ডেয়ারডেভিলস। বুকাননের তিন তারকা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (৬), ব্র্যাড হজ (০) আর মরনে ফনউইক (০) প্রথম দুই ওভারের মধ্যেই সাজঘরে ফেরায় ৯ রানেই তিন উইকেট হারিয়ে বসেছিল কলকাতা। যশপাল সিংকে (১৩) নিয়ে চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটি গড়ে সেই বিপর্যয় খানিকটা সামাল দিয়েছেন সৌরভ, কিন্তু এরপর আরেকটি ঝড়ে উড়ে গেছে কলকাতার মিডল অর্ডারও। পর পর দুটি ওভারে তিন উইকেট তুলে নিয়ে লেগস্পিনার অমিত মিশ্র সর্বনাশটা করেছেন তাদের। তার ওই তিন শিকারের শেষটি মোজেস হেনরিকসনের উইকেট- মাত্র ২ রান করে আউট হয়েছেন মাশরাফির উপেক্ষার বিনিময়ে সুযোগ পাওয়া অখ্যাত এই অস্ট্রেলিয়ান। ৫৬ রানে ৬ উইকেট হারানোর পর মাঠে নেমে আগারকারের ২৯ বলে ৩৯ রানের সুবাদে কোনো রকমে তিন অঙ্ক পেরিয়েছে কলকাতার ইনিংস। ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১২৩। ম্যাচটাও আসলে শেষ হয়ে গেছে সেখানেই। ব্যাট হাতে নামার আগেই 'প্রায় নিশ্চিত' হয়ে যাওয়া দিল্লীর জয়টা নিশ্চিত করেছে ডেভিড ওয়ার্নারের ৩৬ আর এবি ডিভিলিয়ার্সের অপরাজিত ৪০ রানের দুটি ইনিংস। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আবার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে দিল্লী। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। আর ১১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে কলকাতা যথারীতি সবার নিচে। সংক্ষিপ্ত স্কোর কলকাতা নাইট রাইডার্স : ২০ ওভারে ১২৩/৮ (সৌরভ ৪৪, আগারকার ৩৯; মিশ্র ৩/১৪, ন্যানেস ২/১৫, নেহরা ২/২৯) দিল্লী ডেয়ারডেভিলস : ১৭.১ ওভারে ১২৫/৩ (ডিভিলিয়ার্স ৪০*, ওয়ার্নার ৩৬; শর্মা ২/২৩) ফল : দিল্লী ৭ উইকেটে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৪৫ ঘ.