২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিতে চট্টগ্রামকে আনন্দে ভাসাল ব্রাদার্স

চট্টগ্রামের টুর্নামেন্টের শিরোপা ঢাকা স্পোর্টস ক্লাব নিয়ে গেলে বোধহয় স্থানীয় লোকজন একদমই খুশী হতেন না। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় দিয়ে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পিসিএলের (পোর্ট সিটি লিগ) শিরোপা জয়ের পর তাই মনে হওয়া স্বাভাবিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রামের টুর্নামেন্টের শিরোপা ঢাকা স্পোর্টস ক্লাব নিয়ে গেলে বোধহয় স্থানীয় লোকজন একদমই খুশী হতেন না। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় দিয়ে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পিসিএলের (পোর্ট সিটি লিগ) শিরোপা জয়ের পর তাই মনে হওয়া স্বাভাবিক। ব্রাদার্সের খেলোয়াড়দের উল্লাসের সঙ্গে যে গলা ফাটালেন এমএ আজিজ স্টেডিয়ামের হাজার ত্রিশেক দর্শকও। আর প্রধান অতিথি 'নগরপিতা' এবিএম মহিউদ্দিন চৌধুরীও চেপে রাখতে পারলেন না তার আনন্দ, "আপনারা জেনে খুশী হবেন, আমি নিজেও একসময় ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ছিলাম।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাসুদ পারভেজ টুর্নামেন্টের সর্বোচ্চ ১৯৮ রান এবং সেই সঙ্গে ঝুলিতে ছয়টি উইকেটও থাকায় ম্যান অফ দি সিরিজের পুরস্কারটি পেয়ে গেলেন অবশ্য ঢাকা স্পোর্টস ক্লাবের (ডিএসসি) পাকিস্তানি খেলোয়াড় ওয়াসিম নাঈম। পুরস্কার প্রদান অনুষ্ঠানশেষে আতশবাজিতে ঝলসানো স্টেডিয়ামের ফ্লাডলাইট আবার ঝলসে ওঠার পর দেখা গেল, আসর সেরার পুরস্কার হিরো হোন্ডা 'হাঙ্ক' সিরিজের মোটরসাইকেলে দিব্যি মাঠ দাবড়ে বেড়াচ্ছেন তিনি। স্থানীয় লোকজন যে ওই দৃশ্যে নাফিস ইকবালকেই কল্পনা করেছিলেন, তা অনুমান করা কঠিন নয়। সেমিফাইনালের পর ফাইনালেও তো ব্রাদার্সের 'হিরো' তাদের ঘরেরই ছেলে। অবশ্য এখানে 'হিরোজ' বলাটাই যুক্তিযুক্ত। কারণ নাফিসের ৪৩ বলে অপরাজিত ৫৩ রানের ঝকঝকে ইনিংসটির পাশে চামারা কাপুগেদারার মাত্র ৩২ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে ৬১ রানের ঝড়ো ইনিংসটিই বেশি জ্বলজ্বল করেছে। আগেরদিন যে অবস্থা থেকে (১০ ওভারশেষে ৪৮/৪) জিয়াউর রহমানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ফাইনালে উঠেছিল ডিএসসি, প্রায় সেই অবস্থা থেকেই অনায়াস জয়ের পথ খুলেছে নাফিস-কাপুগেদারার ৯৮ রানের জুটি। না হলে দুই পাকিস্তানি ওয়াসিম নাঈম (১৮ বলে পাঁচটি চার ও দুটো ছক্কায় ৩৪) এবং রাশেদ হানিফের (৪৮ বলে সাতটি চারে ৫৬) ব্যাটিংয়ে ডিএসসির ৯ উইকেটে তোলা ১৪৬ রান টপকানো বেশ কঠিনই হয়ে উঠবে বলে মনে হচ্ছিল। ডিএসসি আরো বড় সংগ্রহের জন্য আসলে তাকিয়ে ছিল তাদের সেমিফাইনাল জয়ের নায়ক জিয়াউর রহমানের দিকেই। নেমেই দুটো বিশাল ছক্কা হাকানো জিয়া আরেকটি ঝড়ের পুর্বাভাসও দিয়েছিলেন। কিন্তু সেই ঝড়টি 'দুর্বল' হয়ে পড়াতেই রক্ষা ব্রাদার্সের। ইনিংসের দশম ওভারে ডলার মাহমুদকে (২/২৮) ছক্কা মারার পরেই বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন জিয়া। এটাই বোধহয় ব্রাদার্সের দুই স্পিনারকে বেশ অনুপ্রাণিতই করেছিল। তাদের হয়ে বোলিং ওপেন করা আব্দুর রাজ্জাক (২/৩২) ও জিহান মোবারক (২/২৮) শুরুতে বেশ মার খেলেও পরে ফিরে এসেছেন। প্রতিপক্ষকে দেড়শো পেরুতে না দেওয়ায়ও রেখেছেন বড় ভূমিকা। অথচ এই রান তাড়া করে জেতাও খুব কঠিন হয়ে উঠতে যাচ্ছিল ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর। ১০ ওভারশেষে ৩ উইকেটে ৫১ রান স্কোরবোর্ডে, এটা নিশ্চয়ই জয়ের কথা ভাবার সাহস দেয় না। কিন্তু এরপর থেকেই ভোজবাজির মতো পাল্টে যেতে থাকলো দৃশ্যপট। এবং তার বেশিরভাগটাই কাপুগেদারার ব্যাটে। ১০ ওভার শেষে স্কোরবোর্ডে যে দলটার অবস্থা খুব বিবর্ণ দেখাচ্ছিল, ১২ ওভারশেষে সেটাকেই আবার বেশ সচল ও সজীব মনে হল। কারণ ওই ২ ওভারে উঠেছে ২২ রান। এরমধ্যে অফস্পিনার রাজিন সালেহ'র এক ওভারেই এই শ্রীলঙ্কান মেরেছেন দুটো ছক্কা। এরপর থেকে ব্রাদার্সের যে রান চাকা দ্রুত চলতে থাকলো, তাতে আর 'ব্রেক' ধরতে ব্যর্থ ডিএসসির বোলাররা। কাপুগেদারা তার ফিফটি করেছেন ২৮ বলে। আর নাফিসের ফিফটি ৪০ বলে। কাপুগেদারা জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হয়ে গেলেও দলের হাল শেষপর্যন্ত ধরে রেখেছিলেন ব্রাদার্স অধিনায়ক নাফিস। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ২০ হাজার টাকা গেছে কাপুগেদারার পকেটেই। তবে আসল পুরস্কারটা তো সবার আগে উঠেছে নাফিসের হাতেই, চ্যাম্পিয়ন ট্রফি। সেই সঙ্গে ১৫ লাখ টাকার চেক। চট্টগ্রামে স্থানীয় দলের শিরোপা জয়ে সফলভাবে পিসিএল শেষ হওয়ার চট্টগ্রামের মানুষের প্রাণের দাবিটাও জানিয়ে দিলেন 'নগরপিতা'। "যে করেই হোক ২০১১ বিশ্বকাপের অন্তত দুটো ম্যাচ চট্টগ্রামে আয়োজনের দাবি জানাচ্ছি আমি।" সংক্ষিপ্ত স্কোর ঢাকা স্পোর্টস ক্লাব: ২০ ওভারে ১৪৬/৯ (ওয়াসিম নাঈম ৩৪, রাশেদুর রহমান ১, রাজিন সালেহ ০, আনিসুর রহমান ৭, রাশেদ হানিফ ৫৬, জিয়াউর রহমান ১৪, ওয়াসেলউদ্দিন ৬, খালেদ মাসুদ ১৩, তাপস ঘোষ ১, নাহিদ হাসান অপরাজিত ৪, শাহাদাত হোসেন অপরাজিত ১, অতিরিক্ত ৯, আব্দুর রাজ্জাক ২/৩২, জিহান মোবারক ২/২৮, মোহাম্মদ ইউনুস ১/২৬, শাহজাদা হোসেন ১/৩১, ডলার মাহমুদ ২/২৮)। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন: ১৮.১ ওভারে ১৪৭/৪ (জিহান মোবারক ৪, নাফিস ইকবাল অপরাজিত ৫৩, মেহরাব হোসেন জুনিয়র ৮, তুষার ইমরান ৬, চামারা কাপুগেদারা ৬১, আব্দুর রাজ্জাক অপরাজিত ৫, অতিরিক্ত ১০, রাশেদ হানিফ ৩/১৫, ওয়াসিম নাঈম ০/২৫, তাপস ঘোষ ০/২৫, রাজিন সালেহ ০/৩৪, শাহাদাত হোসেন ০/৩১, জিয়াউর রহমান ০/১৭)। ফল: চট্টগ্রাম ব্রাদার্স ৬ উইকেটে জয়ী। ম্যান অফ দি ম্যাচ: চামারা কাপুগেদারা (ব্রাদার্স)। ম্যান অফ দি সিরিজ: ওয়াসিম নাঈম (ঢাকা স্পোর্টস ক্লাব, টুর্নামেন্টের সর্বোচ্চ ১৯৮ রান ও ৬ উইকেট)। সেরা ব্যাটসম্যান: ওয়াসিম নাঈম (ঢাকা স্পোর্টস ক্লাব)। সর্বোচ্চ উইকেট : মোহাম্মদ ইউনুস (ব্রাদার্স, হ্যাটট্টিকসহ ৮ উইকেট)। সেরা উইকেটকিপার: রাব্বি (ব্রাদার্স)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/