২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডস টেস্টে ১০ উইকেটে জিতেছে ইংল্যান্ড

প্রতিশোধের নেশায় উন্মত্ত ইংল্যান্ড লর্ডসে একেবারে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। মাত্র কিছুদিন আগে ক্যারিবীয় সফর থেকে টেস্ট সিরিজ হেরে আসা ইংলিশরা প্রথম টেস্টে জিতেছে অতি সহজে, পুরো দুদিন হাতে রেখে ১০ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

লন্ডন, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিশোধের নেশায় উন্মত্ত ইংল্যান্ড লর্ডসে একেবারে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। মাত্র কিছুদিন আগে ক্যারিবীয় সফর থেকে টেস্ট সিরিজ হেরে আসা ইংলিশরা প্রথম টেস্টে জিতেছে অতি সহজে, পুরো দুদিন হাতে রেখে ১০ উইকেটে। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে গ্রাহাম ওনিয়ন্সের বলে ডেভন স্মিথ (৪১) যখন বোল্ড হলেন ৫ উইকেটে ৭৯ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন ইনিংস পরাজয়ের আশঙ্কার সামনে। ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনো ক্যারিবীয়দের প্রয়োজন ১৪৬ রান, হাতে উইকেট মাত্র ৫টি। ঠিক সেখান থেকেই ঘুরে দাঁড়ান ব্রেন্ডন ন্যাশ আর দিনেশ রামদিন। ষষ্ঠ উইকেটে দুজনের ১৪৩ রানের জুটির সুবাদে ইনিংস পরাজয় এড়াতে পেরেছে উইন্ডিজ। তবে ঐ পর্যন্তই। স্টুয়ার্ট ব্রড রামদিনের (৬১) স্টাম্প এলোমেলো করে দেয়ার পর একাই লড়াই চালিয়ে গেছেন ন্যাশ। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া এই বাঁহাতি আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসাবে, ৮১ রান করে। তার উইকেটটাও ব্রডের। ব্রড আর গ্রায়েম সোয়ান দুজনই পেয়েছেন তিনটি করে উইকেট। জেমস অ্যান্ডারসন এবং অভিষেক টেস্ট ইনিংসেই ৫ উইকেট নেয়া ওনিয়ন্সের শিকার দুটি করে উইকেট। মাত্র ৩২ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে বিন্দুমাত্র সমস্যা হয়নি স্বাগতিকদের। দুই ওপেনার অ্যালিস্টার কুক ও অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ৬.১ ওভারেই জয় এনে দিয়েছেন ইংল্যান্ডকে। দুজনই অপরাজিত ছিলেন ১৪ রানে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৪ মে থেকে, ডারহ্যামে। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড : ৩৭৭ (বোপারা ১৪৩, সোয়ান ৬৩*; এডওয়ার্ডস ৬/৯২) ও ৩২/০ (স্ট্রাউস ১৪*, কুক ১৪*) ওয়েস্ট ইন্ডিজ : ১৫২ (স্মিথ ৪৬, গেইল ২৮; ওনিয়ন্স ৫/৩৮, সোয়ান ৩/১৬) ও ২৫৬ (ন্যাশ ৬১, রামদিন ৬১; সোয়ান ৩/৩৯, ব্রড ৩/৬৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩১২ঘ.