২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি টোয়েন্টিতে পাকিস্তানের সহজ জয়

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। কিন্তু একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলীয়দের তারা দাঁড়াতেই দেয়নি। বৃহস্পতিবার উমর গুল আর শহীদ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে কামরান আকমলের আক্রমণাত্মক ব্যাটিংয়ের যোগফলে পাকিস্তান ২২ বল হাতে রেখে সহজেই ৭ উইকেটে জিতেছে ম্যাচটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

দুবাই, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। কিন্তু একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলীয়দের তারা দাঁড়াতেই দেয়নি। বৃহস্পতিবার উমর গুল আর শহীদ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে কামরান আকমলের আক্রমণাত্মক ব্যাটিংয়ের যোগফলে পাকিস্তান ২২ বল হাতে রেখে সহজেই ৭ উইকেটে জিতেছে ম্যাচটা। দুবাই স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা কিন্তু খারাপ হয়নি। শেন ওয়াটসন আর এই ম্যাচে অধিনায়কত্ব করা ব্র্যাড হ্যাডিন উদ্বোধনী জুটিতে ২৫ বলে ৪২ রান এনে দেন দলকে। কিন্তু তারপরই ছন্দপতন। ওয়াটসনকে (৩৩) বোল্ড করে যে পতনের সূচনা করেন গুল। নিখুঁত লাইন-লেন্থে বল করা গুল ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। জেমস হোপস আর অ্যান্ড্রু সাইমন্ডসকে পরপর দুই বলে ফিরিয়ে দেয়া আফ্রিদিও (৩/১৪) জ্বলে ওঠায় ১৯.৫ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়াটসন ছাড়া আর মাত্র দুজন যেতে পেরেছেন দুই অংকের ঘরে --- হ্যাডিন (২৪) ও মার্কাস নর্থ (২০)। ১০৯ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যে দুই ওপেনার সালমান বাট ও আহমেদ শেহজাদকে হারিয়েছে পাকিস্তান। কিন্তু শেষ ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি করা আকমল আবারো জ্বলে ওঠায় জয় পেতে একটুও সমস্যা হয়নি তাদের। ৪২ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিসহ অপরাজিত ৫৯ রান এসেছে আকমলের ব্যাট থেকে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন এই ম্যাচে পাকিস্তানের অধিনায়কত্ব করা মিসবাহ-উল হক (২৪)। তৃতীয় উইকেট জুটিতে দুজনের অবদান ৮৫ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭২৭ঘ.