লন্ডন, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রবি বোপারার সেঞ্চুরির পর ব্যাটে বলে গ্রায়েম সোয়ানের দারুণ পারফরম্যান্সে এমনিতেই বিপদে ছিল ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত ফাস্ট বোলার গ্রাহাম অনিয়নসও বল হাতে ঝলসে ওঠায় লর্ডস টেস্টের দ্বিতীয় দিন বিকেলে সেই বিপদ আরো ঘনিয়ে উঠেছে সফরকারীদের। মাত্র ১৫২ রানেই অলআউট হয়ে ফলো অনে পড়েছে তারা। এর আগে প্রথম ইনিংসে ৩৭৭ রান তুলে অলআউট হওয়া ইংল্যান্ড পেয়েছে ২২৫ রানের লিড।
বৃহস্পতিবার এই ম্যাচের দ্বিতীয় দিনটা ছিল উত্থান-পতনের নাটকীয়তায় ঠাসা। সকালে রবি বোপারা আর গ্রায়েম সোয়ানের দারুণ ব্যাটিংয়ের পর দ্বিতীয় সেশনের শুরুতেই স্বাগতিকদের অলআউট করে দিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চা বিরতির ঠিক আগের ওভারে পর পর দুবলে ডেভন স্মিথ (৪৬) ও শিবনারায়ন চন্দরপলের (০) উইকেটদুটি তুলে নিয়ে সোয়ানই শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজের পতনের পালা। বিরতির পর ব্রেন্ডন ন্যাশকেও (৪) ফিরিয়েছেন এই অফস্পিনারই।
তবে এরপরের নায়ক শুধুই অনিয়নস। টেস্ট ক্রিকেটে নিজের ষষ্ঠ ওভারেই তিন উইকেট তুলে নিয়ে শুরু করেছেন তিনি। ওই ওভারের প্রথম বলে লেন্ডল সিমন্সকে স্লিপে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের শিকার বানিয়েছেন এই ফাস্ট বোলার। এক বল বাদে তাকে পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন জেরম টেলর আর ওভারের শেষ বলে সুলেমান বেন ক্যাচ দিয়েছেন তৃতীয় স্লিপে দাঁড়ানো সোয়ানকে। নিজের পরের ওভারের প্রথম বলেই অনিয়নস ওয়েস্ট ইন্ডিয়ানদের শেষ ভরসা দিনেশ রামদিনকেও এলবিডব্লুর ফাঁদে ফেললে ৫ উইকেটে ১১৭ থেকে সফরকারীদের স্কোর পরিণত হয় ১২৮/৯-এ। শেষ উইকেটে ২৪ রানের জুটি গড়ে খানিকটা প্রতিরোধের দেয়াল তুলেছিলেন বটে লিওনেল বেকার (১৭) আর ফিডেল এডওয়ার্ডস (১১*), কিন্তু ফলোঅন এড়াতে পারেননি তারা। বেকারকে এলবিডব্লুর ফাঁদে ফেলে অভিষেক টেস্টেই পাঁচ উইকেট শিকার সম্পূর্ণ করেছেন অনিয়নস। সে জন্য ৩৮ রান খরচ হয়েছে তার।
বুধবার প্রথম দিনে এ রকম একটা বিপদে পড়েছিল ইংল্যান্ডও। কিন্তু ১০৯ রানে চার উইকেট হারানোর পর বোপারার সেঞ্চুরি পথে ফিরিয়েছে তাদের। পঞ্চম উইকেটে ম্যাট প্রিয়রকে (৪১) নিয়ে ৮৪ রানের জুটি দিয়ে শুরু। এরপর ব্রডকে (৩৮) নিয়ে ষষ্ঠ উইকেটে ৬৯ এবং অষ্টম উইকেটে সোয়ানকে (অপ. ৬৩) নিয়ে আরো ৯৩ রান যোগ করেছেন বোপারা। ২৮৪ বলে ১৪৩ রানের দারুণ এক ইনিংস খেলে শেষ পর্যন্ত আউট হয়েছেন এই ডানহাতি।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সকালে সোয়ান আর বোপারার জুটিটা দারুণ ভুগিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ানদের। লাঞ্চের কিছুক্ষণ আগে বোপারা আউট হয়ে যাওয়ার পর অবশ্য আর বেশি দূর যেতে পারেনি তারা। লাঞ্চের পর তিন বলের মধ্যেই স্বাগতিকদের শেষ দুই উইকেট তুলে নিয়েছেন আগের দিন চার উইকেট পাওয়া ফিডেল এডওয়ার্ডস। সোয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৩ রান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/২১০৩ ঘ.
bdnews24