২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইকে শীর্ষে তুলে নিলেন ধোনি-জাকাতি

প্রথম চার ম্যাচে টানা জয় পেয়ে আকাশে উড়ছিল ডেকান চার্জার্স। কিন্তু তারপর হঠাৎ করেই শুরু হওয়া পতনের পালা আর থামছে না। সোমবার তাদের টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাফসেঞ্চুরি আর তারপর শাদাব জাকাতির চার উইকেট শিকারে চেন্নাই পেয়েছে ৭৮ রানের বড় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 04:43 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ইস্ট লন্ডন, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম চার ম্যাচে টানা জয় পেয়ে আকাশে উড়ছিল ডেকান চার্জার্স। কিন্তু তারপর হঠাৎ করেই শুরু হওয়া পতনের পালা আর থামছে না। সোমবার তাদের টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাফসেঞ্চুরি আর তারপর শাদাব জাকাতির চার উইকেট শিকারে চেন্নাই পেয়েছে ৭৮ রানের বড় জয়। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ধোনির দল নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৩ উইকেটে ১৭৮ রান। ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কায় মাত্র ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করে ধোনিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এই সংগ্রহে। তবে চেন্নাইর সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে ৬১ রান তোলা ম্যাথু হেইডেন (২৬ বলে ৪৩, তিনটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি) ও মুরালি বিজয় (৩১), আর তারপর ধোনির সঙ্গে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়া সুরেশ রায়না (১৯ বলে ৩২, দুটি ছক্কা ও একটি বাউন্ডারি) কেউ কম যাননি। জবাব দিতে নামা ডেকান প্রথম বলেই হারিয়েছে তাদের সেরা ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে। এই বাঁহাতিকে এলবিডব্লুর ফাঁদে ফেলার পর নিজের দ্বিতীয় ওভারেই ভেঙ্কটসাই লক্ষ্মণকেও ফিরিয়ে দিয়েছেন অ্যালবি মরকেল। আর এর মাঝে ইনিংসের দ্বিতীয় ওভারে সুদীপ ত্যাগী হার্শেল গিবসকে বোল্ড করে দিলে ১ রানেই তিন উইকেট হারিয়ে বসে হায়দ্রাবাদের দলটি। চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে সেই ধাক্কা কিছুটা সামাল দিয়েছেন রোহিত শর্মা আর ডোয়াইন স্মিথ মিলে, কিন্তু এরপর জাকাতির (৪/২২) বাঁহাতি স্পিনে এলোমেলো হয়ে গেছে তাদের সব প্রতিরোধ। ১৪.৪ ওভারে মাত্র ১০০ রানেই গুঁড়িয়ে গেছে ডেকানের ইনিংস। মাত্র ২৩ বলে পাঁচটি ছক্কা আর দুটি বাউন্ডারিতে স্মিথের ৪৯ রানের ইনিংসটা তাই কোনো কাজেই লাগেনি। এই ওয়েস্ট ইন্ডিয়ান ছাড়া ডেকানের পক্ষে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল রোহিত শর্মা (২১) আর তিরুমলসেত্তি সুমন (১৭)। এই জয়ের পর ৮ ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে চেন্নাই উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ডেকান নেমে গেছে চার নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে কিংস ইলেভেন পাঞ্জাব আর দিল্লী ডেয়ারডেভিলস, রান রেটে পাঁচ নম্বরে থাকা বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের সংগ্রহও ৮। সংক্ষিপ্ত স্কোর চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৭৮/৩ ( ধোনি ৫৮*, হেইডেন ৪৩, রায়না ৩২, বিজয় ৩১; শোয়েব ১/১৪, সুমন ১/২৯, আরপি সিং ১/৩৬) ডেকান চার্জার্স: ১৪.৪ ওভারে ১০০/১০ (স্মিথ ৪৯, শর্মা ২১, সুমন ১৭; জাকাতি ৪/২২, মুরালিধরন ২/১১, মরকেল ২/২৪) ফল : চেন্নাই ৭৮ রানে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০১০ ঘ.