চট্টগ্রাম, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দিনেই দুর্যোগপুর্ণ আবহাওয়ার কবলে পড়েছে পোর্ট সিটি ক্রিকেট লিগ, পিসিএল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রোববার সকালের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঢাকা স্পোর্টস ক্লাব ৭ উইকেটে হারিয়েছে দাদা ওয়ারিয়র্সকে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ ওভারে সীমিত এই ম্যাচে টস জিতে ঢাকা স্পোর্টস ক্লাবের অধিনায়ক রাজিন সালেহ দাদা ওয়ারিয়র্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সাইদ আনোয়ার জুনিয়রের ৩৫ বলে ৪৫ রানে ভর করে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান তুলতে পারে তারা। শেষ ওভারের প্রথম বলে রান আউট হওয়া আনোয়ার চারটি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন। তার বিদায়ের পর ওই ওভারে আরো দুটি উইকেট তুলে নিয়েছেন শাহাদাত হোসেন, তারচেয়েও বড় কথা ওভারটি হয়েছে মেডেন!
জবাব দিতে নেমে ওয়াসিম নাইমের অপরাজিত ৪৩ রানের সুবাদে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে ঢাকা স্পোর্টস। কোনো ছক্কা মারতে না পারলেও নয়টি বাউন্ডারি ছিল এই পাকিস্তানির ২৭ বলের ইনিংসে। এর আগে বল হাতেও একটি উইকেট পাওয়া নাইমই হয়েছেন ম্যাচ সেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮০৬ ঘ.
bdnews24