জোহানেসবার্গ, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে তারকা-পতনের দিন ছিল শনিবার। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুদলই হেরেছে এদিন। বিকেলে পোর্ট এলিজাবেথের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ডেকান চার্জার্সের ৩ উইকেটের হারের পর সন্ধ্যায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লী ডেয়ার ডেভিলসকেও পরাজয়ের স্বাদ দিয়েছে চেন্নাই সুপার কিংস। জোহানেসবার্গের ম্যাচে তারা জিতেছে ১৮ রানে।
চেন্নাইর এই জয়ের নায়ক বাঁহাতি স্পিনার শাদাব জাকাতি। ২৪ রানে চার উইকেট নিয়ে তিনিই এলোমেলো করে দিয়েছেন বীরেন্দর শেবাগের দলের ইনিংস। নইলে টস জিতে ব্যাট করতে নামা চেন্নাইর ২০ ওভারে তোলা ১৬৩ রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ডেভিড ওয়ার্নার ও দিনেশ কার্তিকের দুটি ফিফটিতে তিন উইকেট হারিয়েই ১২০ রান তুলে ফেলেছিল দিল্লী। জাকাতি আর শ্রীলঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের (১৭তম ওভারে মাত্র ১ রানসহ ২২ রানে এক উইকেট) ঘুর্ণিবলে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৫ রান তুলেছে তারা।
৪০ বলে ৫১ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন ওয়ার্নার, আর কার্তিকের ৩১ বলে ৫২ রানের ইনিংসটা সাজানো ছিল সাতটি বাউন্ডারি ও একটি ছক্কায়।
এর সুব্রামানিয়াম বদ্রিনাথ (৩৪ বলে ৪৫), সুরেশ রায়না (২১ বলে ৩২) আর ম্যাথু হেইডেনের (১৯ বলে ৩০) ব্যাটে ভর করে ২০ ওভারে ১৬৩ রান তুলে অলআউট হয়ে গিয়েছিল চেন্নাই। চার ওভারে ২৭ রান দিয়ে তিনটি করে উইকেট পেয়েছেন ডার্ক ন্যানেস আর আশীষ নেহরা।
এই হারের পরও ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রইলো দিল্লী, সমান পয়েন্ট নিয়ে রান রেটে তাদের ওপরে আছে কেবল ডেকান চার্জার্স। আর এই জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে চেন্নাই। সমান ৭ পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ানস আর রাজস্থান রয়্যালসেরও, তবে রানরেটে মুম্বাই তৃতীয় আর রাজস্থান পঞ্চম স্থানে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৮ ঘ.
bdnews24