চট্টগ্রাম, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পিসিএলের (পোর্ট সিটি লিগ) উদ্বোধনীতেও যে আলোচনায় ২০১১ এর বিশ্বকাপ থাকবে, সেটা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ঢোকামাত্রই বোঝা যাচ্ছিল। ''চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর খেলা চাই- চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ''- ভিআইপি গ্যালারির ঠিক সামনেই টানিয়ে রাখা এই ব্যানার দেশের ক্রীড়া ও ক্রিকেট প্রশাসনের কর্তাব্যক্তিদের নজর এড়িয়ে যাওয়ার কথা নয়। এই অঞ্চলের গণদাবি বুঝতে পেরেই কিনা প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ঘোষণাই দিয়ে ফেললেন, "এই চট্টগ্রামে বিশ্বকাপের খেলা অবশ্যই হবে।"
এই ঘোষণায় হাততালিতে মুখরিতও হল স্টেডিয়াম। কিন্তু ক্রীড়া প্রশাসনের শীর্ষ ব্যক্তির বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হতেও বিলম্ব হল না। কারণ পিসিএল উদ্বোধনের ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নেমে এসেই তিনি অপেক্ষমাণ টিভি সাংবাদিকদের বললেন অন্যকথা, "চট্টগ্রামকে বিকল্প ভেন্যু হিসেবে অবশ্যই বিবেচনা করা হবে।" কিন্তু বিকল্প ভেন্যু মানেই চট্টগ্রামে খেলা আয়োজনের সম্ভাবনা শুরুতেই শেষ হয়ে যাওয়া। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজক দেশগুলোকে প্রতিটা ভেন্যুর একটা করে বিকল্প ভেন্যু তৈরি রাখতে বলেছে। শেষ মুহূর্তে কোনো কারণে মূল ভেন্যুতে খেলা আয়োজন সম্ভব না হলে তখন সেটি হবে বিকল্প ভেন্যুতে।
বিষয়টা আহাদ আলী সরকারকে জানানোও হল। সবকিছু শুনে তিনি যা বললেন, তাতে অবশ্য বিভ্রান্তি দূর হল না। ''সবকিছুই আমরা যাচাই-বাছাই করে দেখবো''- বলে তিনি চলে যাওয়ার পর কোনো সিদ্ধান্তে পৌঁছারও উপায় থাকলো না। মঞ্চে দেওয়া ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তা বললেন, "উনি তো বিশ্বকাপের ম্যাচ হবে বলেছেন। কিন্তু কোন ম্যাচ, তা তো বলেননি। প্র্যাকটিস ম্যাচও তো বিশ্বকাপেরই অংশ।" পরিকল্পনা যদি এমনই থাকে, তাহলে চট্টগ্রামের দর্শকরা হতাশই হবেন। কারণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা শুনে আনন্দিত হয়েছেন। তবে টেলিভিশন ক্যামেরার সামনে দেওয়া তার বক্তব্যে তাৎক্ষণিকভাবে শোনা হয়নি তাদের।
যেমন শোনা হয়নি পিসিএলের সবচেয়ে দামী ক্রিকেটার তামিম ইকবালের। পিসিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর ঠিক আগে জাতীয় দলের এই ওপেনার বললেন, "নিজের শহরে যদি বিশ্বকাপের একটা ম্যাচ খেলতে পারি, তাহলে দারুণ হয়।" এখানকার আয়োজকদের সঙ্গে কথা বলে বোঝা গেল, বিশ্বকাপের ম্যাচ আয়োজনের স্বপ্নের সঙ্গে জড়িয়ে চট্টগ্রামের ক্রিকেট ঐতিহ্য এবং তাদের আবেগ। আর সেই আবেগের সঙ্গে যুক্তিও আছে। কারণ ১৯৮৮ সালের ২৭ এই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামেই দেশের মাটিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। শুধু তাই নয়, ২০০৫ সালের ১০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসের একমাত্র জয়টিও এই মাঠেই পাওয়া।
এরসঙ্গে আরো কিছু যুক্তিও দিচ্ছেন বিসিবি'র পরিচালক এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, "এই চট্টগ্রামে আইসিসি স্বীকৃত দুটো টেস্ট ভেন্যু আছে। এখানে নিয়মিতই টেস্ট এবং ওয়ানডে ম্যাচ হয়ে এসেছে। বিশ্বকাপ আয়োজনের সুযোগ চট্টগ্রাম তাই পেতেই পারে।" অবশ্য ২০০৫ সালের ২৬ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেটিই এমএ আজিজ স্টেডিয়ামের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট চলে গেছে সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে।
তবে সুযোগ পেলে বিশ্বকাপের ম্যাচ এখানকার সংগঠকরা নানাকারণে এমএ আজিজে করারই পক্ষপাতী। সাগরিকার মাঠটা শহর থেকে একটু দূরে এবং অন্যান্য সুযোগ-সুবিধাদিও সেখানে অপ্রতুল। অন্যদিকে এমএ আজিজ একেবারে শহরের প্রাণকেন্দ্রে। ফাইভ স্টার মানের আবাসনও এর কাছাকাছিই। অবশ্য সুযোগ-সুবিধা আরো অনেক বাড়াতে হবে, এটা তারাও বোঝেন। সেই চিন্তা থেকেই পিসিএলের প্রধান সমন্বয়কারী আলমগীর বললেন, "বিশ্বকাপ ম্যাচ করতে হলে এখানে আরো কী কী করতে হবে, সেরকম দিক-নির্দেশনা যদি আমাদের দেওয়া হয় এবং এখন থেকেই যদি কাজ শুরু করা যায়, তাহলে অসম্ভব নয়।" কিন্তু সম্ভব করতে হলে তো আগে সম্ভাবনা তৈরি হতে হয়। মঞ্চের ঘোষণায় মন্ত্রী সেরকম সম্ভাবনা জাগিয়ে দিলেও শেষে আবার বিভ্রান্তি!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০১৭ ঘ.
bdnews24