পোর্ট এলিজাবেথ, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডাম গিলক্রিস্ট-হার্শেল গিবসরা রানের ফোয়ারা ছুটিয়ে চলছেন বলে এতদিন বিশেষ কিছু করার সুযোগ পাচ্ছিলেন না। তবে প্রয়োজনের দিনে তিরুমলসেত্তি সুমনের ব্যাটও জ্বলে উঠলো। হায়দ্রাবাদের এই ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যানের ৩০ বলে অপরাজিত ৪১ রানে ভর করেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়ার মতো পুঁজি গড়েছে ডেকান চার্জার্স। শনিবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে আইপিএলের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান তুলেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।
ডেকানের পক্ষে এদিনও হেসেছে গিলক্রিস্টের ব্যাট, ওপেন করতে নেমে ৩৫ বলে দুটি ছক্কা আর পাঁচটি বাউন্ডারিতে ৩৯ রান করেছেন এই অস্ট্রেলিয়ান। তবে দলীয় ৫৮ রানে তার বিদায়ের পর ডেকানের ইনিংসকে পথ দেখিয়েছে আসলে চতুর্থ উইকেটে রোহিত শর্মা আর সুমনের ৫৯ রানের জুটি। ৩২ বলে দুটি ছক্কা আর দুটি চারে ৩৮ রান করে শর্মার বিদায়ে ভেঙেছে এই জুটি।
রাজস্থানের পক্ষে অস্ট্রেলিয়ান শেন হ্যারউড ২৫ রানে নিয়েছেন দুটি উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮২৫ ঘ.
bdnews24