চট্টগ্রাম, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলকে ঘিরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের উৎসাহে ভাটা পড়েছে মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুলরা খেলার সুযোগ না পাওয়ায়। বিশ্বজুড়ে সাড়া জাগানো এই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তাদের জন্য এসে গেছে একটা বিকল্প। বন্দর নগরী চট্টগ্রামের ক্রিকেট সংগঠকদের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে পোর্ট সিটি ক্রিকেট লিগ বা পিসিএল নামের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নোয়াখালীর টপ স্পোর্টস ক্লাব।
এর আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
আইসিএলেরই আদলে সাজানো এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য ছয়টি দল হচ্ছে - চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, দাদা ওয়ারিয়র্স, ইস্পাহানী, চট্টগ্রাম পাইরেটস এবং ঢাকা স্পোর্টস ক্লাব টাইগার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৫৪২ ঘ.
bdnews24