২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির বিচক্ষণতায়ই আটটি ম্যাচ : মাহবুব আনাম

২০১১ বিশ্বকাপ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভায় যোগ দেওয়া মাহবুব আনাম ও শফিকুর রহমান মুন্না এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বুধবার রাতে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহ-সভাপতি মাহবুবের কন্ঠে উচ্ছ্বাসই ঝরে পড়লো বেশি, "১৯৯৬ সালে এই উপমহাদেশে যখন বিশ্বকাপ হয়, তখন প্রথমবারের মতো এতো বড় আসরের আয়োজক শ্রীলঙ্কা পেয়েছিল মাত্র চারটা ম্যাচ। আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপের সহ-আয়োজক জিম্বাবুয়েও অল্প কয়েকটা ম্যাচ পেয়েছিল। সেখানে এবার আমরা কনিষ্ঠতম এবং নবীনতম আয়োজক হিসেবে পেয়েছি আটটি ম্যাচ। এতো ম্যাচ আগে কেউ কখনো পায়নি। এটা অনেক বড় অর্জন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২০১১ বিশ্বকাপ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভায় যোগ দেওয়া মাহবুব আনাম ও শফিকুর রহমান মুন্না এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বুধবার রাতে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহ-সভাপতি মাহবুবের কন্ঠে উচ্ছ্বাসই ঝরে পড়লো বেশি, "১৯৯৬ সালে এই উপমহাদেশে যখন বিশ্বকাপ হয়, তখন প্রথমবারের মতো এতো বড় আসরের আয়োজক শ্রীলঙ্কা পেয়েছিল মাত্র চারটা ম্যাচ। আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপের সহ-আয়োজক জিম্বাবুয়েও অল্প কয়েকটা ম্যাচ পেয়েছিল। সেখানে এবার আমরা কনিষ্ঠতম এবং নবীনতম আয়োজক হিসেবে পেয়েছি আটটি ম্যাচ। এতো ম্যাচ আগে কেউ কখনো পায়নি। এটা অনেক বড় অর্জন।" এটাকে পুরো দেশ এবং জাতির অর্জন বলেও অভিহিত করলেন তিনি। এজন্য জাতির কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করলেন। তিনি জানালেন, এই বিশ্বকাপের 'বিড ডকুমেন্ট' উপস্থাপনের সময় বাংলাদেশের ছয়টি ম্যাচ পাওয়ার কথা ছিল। তখন ১৬ দলকে নিয়ে বিশ্বকাপে ৫১টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পরে সেটি ১৪ দলের ফরম্যাটে নেমে আসায় ম্যাচের সংখ্যাও কমে ৪৯টি হয়ে যায়। সেসময় ভারত ও বাংলাদেশ একটি করে ম্যাচ ছেড়ে দেয়। আয়োজকের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার পর এবার বাংলাদেশ সেই ছেড়ে দেওয়া ম্যাচসহ মোট তিনটি বাড়তি ম্যাচ পেল। এ প্রসঙ্গে মাহবুবের বক্তব্য একটু দৃষ্টিকটুই ঠেকলো অনেকের কাছে, "বিসিবি সভাপতি লে. জেনারেল সিনা ইবনে জামালীর বিচক্ষণতা এবং দৃঢ় পদক্ষেপের জন্যই আমরা আটটি ম্যাচ পেয়েছি।" পাঁচ ম্যাচের জায়গায় আট ম্যাচ হওয়ায় এখন ভেন্যুর সংখ্যাও বাড়াতে হচ্ছে। বিসিবি'র পরিচালক এবং বিশ্বকাপ আয়োজকদের গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, উভয় কমিটিতে থাকা শফিকুর রহমান মুন্না জানালেন, "ম্যাচ আটটা হয়ে যাওয়ায় আমরা এখন দুটো মূল ভেন্যু এবং দুটো বিকল্প ভেন্যুর কথা ভাবছি।" তবে সেই ভেন্যুগুলোর নাম এখনো চূড়ান্ত নয়, "৯ মে আমাদের বোর্ডসভা আছে। বোর্ড এবং সরকারের সঙ্গে আলোচনা করেই ভেন্যু চূড়ান্ত হবে।" পাশ থেকে মাহবুব বললেন, "সাধারণত মূল ভেন্যু এক শহরে হলে বিকল্প ভেন্যু রাখতে বলা হয় আরেক শহরে। সরকার ও বোর্ডের আলোচনার পরই আমরা ভেন্যু ঠিক করবো। শ্রীলঙ্কাও কিন্তু এখনো তাদের কোনো ভেন্যু চূড়ান্ত করেনি।" বিশ্বকাপের জন্য একেবারে নুতন কোনো স্টেডিয়াম তৈরির পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে সেরকম কিছুর সম্ভাবনা একরকম উঁড়িয়েই দিলেন মাহবুব, "বাংলােেশ আইসিসি অনুমোদিত সাতটি আন্তর্জাতিক ভেন্যু আছে। এমন নয় যে নতুন স্টেডিয়াম তৈরির আগেই আইসিসি পরদির্শন করতে চলে আসবে। তারা আসে তৈরি হয়ে যাওয়ার পর। আমাদের হাতে সময়ও কম। কাজেই এধরনের কিছুর চিন্তা এখন করাই বোধহয় ভালো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২২০ঘ.