কেপটাউন, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরফান পাঠানের অলরাউন্ড নৈপূণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে পাঞ্জাবের কিংস ইলেভেন। রোববার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে ২৭ রানে হারিয়েছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তুলেছিল পাঞ্জাব। জবাবে রাজস্থান তাদের জন্য নির্ধারিত ২০ ওভারে তুলতে পারে ৭ উইকেটে ১১২ রান।
ব্যাট হাতে ৩৯ রানের মান বাঁচানো এক ইনিংস খেলার পর বল হাতেও ২৬ রানে দুই উইকেট নিয়ে ইরফান হারিয়ে দিয়েছেন তার বড়ভাই ইউসুফ পাঠানের দলকে।
এক পর্যায়ে ৪৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলা পাঞ্জাবকে লড়ার মতো পুঁজি এনে দিয়েছে পঞ্চম উইকেটে কুমার সাঙ্গাকারা আর ইরফান পাঠানের ৫৯ বলে ৭৫ রানের জুটিতে। সর্বোচ্চ ৬০ রান করেছেন সাঙ্গাকারা, ৫১ বলের ইনিংসে সাতটি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন তিনি। আর তাকে দারুণ সঙ্গ দেওয়া ইরফান ৩৩ বলের ইনিংসে মেরেছেন দুটি করে ছক্কা আর বাউন্ডারি।
বল হাতেও পাঞ্জাবের পক্ষে সেরা পারফরমার ইরফান নন, ২১ রানে তিন উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান মিডিয়াম পেসার ইউসুফ আব্দুল্লা। এই দুজনের সঙ্গে লেগস্পিনার পিয়ুশ চাওলার (২/২২) দারুণ বোলিংয়ের সামনে রাজস্থানও এক পর্যায়ে ৪২ রানেই ছয় উইকেট হারিয়েছিল। সপ্তম উইকেটে অধিনায়ক শেন ওয়ার্ন (অপরাজিত ৩৪) আর রবীন্দ্র জাদেজার (৩৭) ৬৪ রানের জুটিতে কোনো রকমে তিন অঙ্ক ছুঁয়েছে তারা। কিন্তু তাতে চার ম্যাচে তৃতীয় হার এড়ানো সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭৫৮ ঘ.
bdnews24