ডারবান, ২৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে পয়েন্ট তালিকার নিচের দিকের দুই দলের লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিয়েছেন রবি বোপারা। ইংল্যান্ডের এই অলরাউন্ডারের ৫৯ বলে ৮৪ আর সেই সঙ্গে অধিনায়ক যুবরাজ সিংয়ের অপরাজিত ৩০ রানে ভর করে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের তোলা ৯ উইকেটে ১৬৮ রান ৬ বল হাতে রেখেই টপকে গেছে গতবারের রানার্স আপরা। জিতেছে ৭ উইকেটে।
টস জিতে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সরা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ১৬৮ রান। দলের সেরা দুই তারকা রাহুল দ্রাবিড় আর কেভিন পিটারসেন ব্যর্থ হলেও দক্ষিণ আফ্রিকান জ্যাক ক্যালিস আর দুই নিউজিল্যান্ডার রস টেলর ও জেস রাইডার টেনে তুলেছেন তাদের। ক্যালিসের ৪৬ বলে ৬২, টেলরের ২২ বলে ৩৫ আর টেলরের ২১ বলে ৩২ রান লড়ার মতো পুঁজি এনে দিয়েছিল চ্যালেঞ্জার্সদের। চেন্নাইর পক্ষে আব্দাল্লা নিয়েছেন ৩১ রানে চার উইকেট, আর ইরফান পাঠান তিন উইকেট নিতেও খরচ করেছেন ৩১ রান।
১৬৮ এবারের আইপিএলের বিচারে একেবারে খারাপ স্কোর নয়। কিন্তু বোপারার ঝড়ো ব্যাটিংয়ে সেটা শেষ পর্যন্ত অপর্যাপ্ত বলেই বিবেচিত হয়েছে। করন গোয়েলকে নিয়ে উদ্বোধনী জুটিতেই ৫২ রান তুলে নিয়ে চেন্নাইকে দারুণ সূচনা এনে দিয়েছেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি যুবরাজ সিংয়ের দলকে। ৫৯ বলের ইনিংসে পাঁচটি ছক্কা মেেেরছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর
বেঙ্গালুরু : ২০ ওভারে ১৬৮/৯ (ক্যালিস ৬২, টেলর ৩৫, রাইডার ৩২; আব্দুল্লা ৪/৩১, ইরফান ৩/৩১)
চেন্নাই : ১৯ ওভারে ১৭০/৩ (বোপারা ৮৪, যুবরাজ ৩০*, সাঙ্গাকারা ২৬; কুম্বলে ১/১৯, ক্যালিস ১/৫১)
ফল : চেন্নাই ৭ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩২১ ঘ
bdnews24